সরবরাহ বৃদ্ধিতে ঢাকায় ৭ বিদ্যুত্ উপকেন্দ্র চালু হচ্ছে
প্রকাশ : ০৮ জুলাই ২০১৩, ২২:৪৭
ঢাকার বিদ্যুত্ সরবরাহ বাড়াতে উচ্চক্ষমতার সাতটি উপকেন্দ্র চালু করা হচ্ছে। ইতিমধ্যে মতিঝিল ও মালিবাগে দুটি চালু করা হয়েছে। আজ মঙ্গলবার মিরপুরে একটি চালু করা হবে। এর ফলে ঢাকা অঞ্চলে আরো প্রায় ২০০ মেগাওয়াট বাড়তি বিদ্যুত্ সরবরাহ করা সম্ভব হবে। এই উপকেন্দ্র চালুর ফলে ওভারলোড সমস্যা কমে যাবে। উপকেন্দ্রগুলো স্থাপন করার ফলে নতুন গ্রাহকদের চাহিদা অনুযায়ী নতুন বিদ্যুত্ সংযোগ দেয়া সম্ভব হবে। বিদ্যুত্ সরবরাহের মান বাড়বে। অতি ভারমুক্ত হবে।
সোমবার মালিবাগ এলাকায় ৩৩/১১ কেভি উপকেন্দ্রটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বীর বিক্রম। ডিপিডিসি বোর্ডের চেয়ারম্যান ও বিদ্যুত্ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তাপস কুমার রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান খান কামাল, সংরক্ষিত নারী সংসদ সদস্য আসমা জেরিন ঝুমু, বিদ্যুত্ সচিব মনোয়ার ইসলাম, ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার নজরুল হাসান (অব)।
উপদেষ্টা বলেন, বিদ্যুত্ উত্পাদন থেকে গ্রাহকের নিকট পৌঁছানো পর্যন্ত কাজটি অত্যন্ত জটিল। স্বাধীনতার পর ২০০৮ সাল পর্যন্ত যে পরিমাণ বিদ্যুত্ উত্পাদন হয়েছে, বর্তমান সরকার গত সাড়ে চার বছরে সমপরিমাণ বিদ্যুত্ উত্পাদন করেছে। তিনি বলেন, এবারের রমজানে সেহির, ইফতার তারাবির নামাজের সময় বিদ্যুত্ যাবে না। কিন্তু সবাইকে বিদ্যুত্ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। বিদ্যুতের সুষম ব্যবহার হলে সবাই বিদ্যুত্ পাবে। তাই রমজানে নির্দিষ্ট সময় সিএনজি স্টেশন, রি-রোলিং মিল, ইস্ত্রি, মোটর বা বেশি বিদ্যুত্ ব্যবহার হয় এমন যন্ত্রপাতি না চালানোর আহ্বান জানান তিনি। এদিকে ইতিমধ্যে দোকান মালিকদের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, রমজানে দোকান মার্কেট রাত ৮টার পর বন্ধ রাখতে অনুরোধ জানানো হয়েছে। যদি কেউ এরপরও চালু রাখতে চায় তবে তাদের নিজস্ব বিদ্যুত্ ব্যবস্থায় চালু রাখতে হবে।
টিএন্ডটি ৩৩/১১ কেভি উপকেন্দ্রটি উদ্বোধনের ফলে মগবাজার, মালিবাগ, সিদ্ধেশ্বরী, মধুবাগ, হাতিরঝিল, পশ্চিম ও পূর্ব রামপুরা, খিলগাঁওসহ আশেপাশের এলাকায় ওভারলোডজনিত সমস্যা দূর হবে। এছাড়া আরো প্রায় ৪৫ মেগাওয়াট বিদ্যুত্ সরবরাহ করা সম্ভব হবে। প্রায় ২৭ কোটি ৪০ লাখ টাকা দিয়ে সরকার, এশীয় উন্নয়ন ব্যাংক, কেএফডব্লিউ এবং ডিপিডিসি’র অর্থায়নে এ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। দেশীয় ঠিকাদারী প্রতিষ্ঠান এনার্জিপ্যাক উপকেন্দ্রটি নির্মাণ করে।
এর আগে মতিঝিলে ডিপিডিসি’র ৩৩/১১ কেভি উপকেন্দ্রের উদ্বোধন করেন বিদ্যুত্ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক এম.পি।
উপকেন্দ্রে দুইটি ৩৩/১১ কেভি ২০/২৮ এমভিএ ট্রান্সফরমার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। ফলে মতিঝিল এলাকায় অতিরিক্ত প্রায় ৪৫ মেগাওয়াট বিদ্যুত্ সরবরাহ করা যাবে। একইসাথে বঙ্গভবন ১৩২/১১ কেভি উপকেন্দ্র অতি ভারমুক্ত হয়েছে। মানিকনগর ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্র থেকে দুইটি ৩৩ কেভি ভূ-গর্ভস্থ সার্কিট এর মাধ্যমে মতিঝিল ৩৩/১১ কেভি উপকেন্দ্রে লোড সরবরাহ করা হচ্ছে। এই উপকেন্দ্রটি চালুর ফলে মতিঝিল ও দিলকুশা বাণিজ্যিক এলাকা, গোপীবাগ, আরামবাগ, ফকিরাপুল, দৈনিক বাংলা, টিকাটুলি, কমলাপুর, ইত্তেফাক মোড়, স্টেশন সংলগ্ন এলাকাসহ আশপাশের এলাকার গ্রাহকদের মানসম্মত ও অধিকতর নির্ভরযোগ্য বিদ্যুত্ সরবরাহ করা সম্ভব হবে। অতি ভারজনিত কারণে সৃষ্ট লোডশেডিং বন্ধ হবে।
আজ মিরপুর ধামালকোটে আরো একটি ৩৩/১১ কেভি উপকেন্দ্র চালু করা হবে। এটি উদ্বোধন করবেন বিদ্যুত্ জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক। ডেসকো এই উপকেন্দ্র স্থাপন করছে। ডেসকো এলাকায় সরবরাহ লাইন উন্নয়ন প্রকল্পের আওতায় ২০০ মেগাওয়াট বিদ্যুত্ সরবরাহ বাড়িয়েছে। সিস্টেম লস কমিয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ থেকে ৬ দশমিক ৫৩ শতাংশে।