বিশ্বজিত্ দাস হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ১৪ জুলাই
প্রকাশ : ০৮ জুলাই ২০১৩, ২২:৪৮
গত বছর ডিসেম্বরে পুরান ঢাকায় দর্জি দোকানী বিশ্বজিত্ দাস হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৪ জুলাই ধার্য করেছেন ট্রাইব্যুনাল। গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৪ এর ভারপ্রাপ্ত বিচারক দেওয়ান মো. শফিউল্লাহ এই দিন ধার্য করেন। এদিন কারাগারে থাকা আট আসামির উপস্থিতিতে বিচারক এ দিন ধার্য করেন। ওইদিন আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিতে মামলার বাদী সুত্রাপুর থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিনকে সমন দেয়া হয়েছে। গত ২ জুন ঢাকার মহানগর দায়রা জজ এই মামলার ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। গত ২৬ মে আসামিদের বিরুদ্ধে দেয়া অভিযোগ আমলে নেন একই আদালত। এর আগে ২৯ এপ্রিল এ হত্যা মামলাটি ঢাকার মহানগর হাকিম আদালত থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বিচারের জন্য বদলি করা হয়। অভিযোগপত্রে ৬০ জনকে সাক্ষি করা হয়েছে।
মামলার অভিযোগপত্রভুক্ত ২১ আসামি হলেন- রফিকুল ইসলাম শাকিল, রাজন তালুকদার, খন্দকার ইউনুস আলী, মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক, তারেক বিন জোহর ওরফে তমাল, গোলাম মোস্তফা, জিএম রাশেদুজ্জামান শাওন, আলাউদ্দিন, ওবায়দুল কাদের, ইমরান হোসেন, আজিজুর রহমান, মীর নূরে আলম লিমন, আল-আমিন শেখ, রফিকুল ইসলাম, এ এইচ এম কিবরিয়া, মনোয়ারুল হক পাভেল, সাইফুল ইসলাম, কাইউম মিয়া টিপু, কামরুল হাসান ও মোশারফ হোসেন। অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে শাকিল, নাহিদ, এমদাদুল শাওন, কিবরিয়া, সাইফুল, টিপু ও মোস্তফা কারাগারে আছেন। বাকী ১৩ জন পলাতক। এরা সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী।
উল্লেখ্য, গত বছরের ৯ ডিসেম্বর বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্যাডারদের হাতে নির্মমভাবে খুন হন নিরীহ দর্জি দোকানি বিশ্বজিত্ দাস। এই হত্যাকাণ্ড তখন দেশে-বিদেশে আলোড়ন সৃষ্টি করে।