৩৪তম বিসিএস প্রিলিমিনারির ফল
উত্তীর্ণ হয়েছে ১২ হাজার ৩৩ জন
প্রকাশ : ০৮ জুলাই ২০১৩, ২২:৪৯
৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল গতকাল সোমবার প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হয়েছে ১২ হাজার ৩৩ জন। এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৫২টি পদে নিয়োগ দেয়ার কথা রয়েছে।
পিএসসি জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন বলেন, উত্তীর্ণদের লিখিত পরীক্ষায় অংশ নেয়ার জন্য আগামী ৯ জুলাই থেকে বিপিএসসি ফরম পূরণ করতে হবে। পরবর্তী সময়ে লিখিত পরীক্ষার তারিখ জানানো হবে। তিনি জানান, পিএসসির ওয়েবসাইটে www.bpsc.gov.bd ফল পাওয়া যাচ্ছে। এছাড়াও যে কোন মোবাইল ফোন থেকে BCS লিখে স্পেস দিয়ে ইংরেজিতে ৩৪ লিখে স্পেস দিয়ে reg no লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে উত্তীর্ণ অথবা অনুত্তীর্ণদের ফল পাওয়া যাবে। তবে কমিশনের নোটিস বোর্ডে ফল পাওয়া যাবে না।
পিএসসি সূত্রে জানা যায়, সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগী নিয়ে গত ২৪ মে ৩৪তম বিসিএসের এক ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই প্রিলিমিনারী পরীক্ষায় দুই লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রার্থী পরীক্ষার জন্য অনলাইনে আবেদনপত্র জমা দেন। এবার প্রথমবারের মতো রংপুরসহ সাতটি বিভাগীয় শহরের ১৭৪টি পরীক্ষা কেন্দ্রে গত ২৪ মে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়।