সিটি নির্বাচন আগামী জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না
প্রকাশ : ০৮ জুলাই ২০১৩, ২২:৫০
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, চার সিটি নির্বাচনসহ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন আগামী জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। গণতন্ত্রে জয় পরাজয় রয়েছে। কোন বিশেষ স্থানে কোন বিশেষ দল জয় লাভ করলে কিংবা পরাজিত হওয়ার অর্থ এই নয় যে সেই দলের প্রতি সারা দেশের মানুষ রায় দিয়েছে। রাঙ্গামাটিতে গতকাল সোমবার পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধন আইন সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় ভূমি কমিশন আইন সংশোধন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমাসহ পরিষদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সন্তু লারমা ভূমি কমিশন আইন সংশোধনের জন্য জনসংহতি সমিতি ও আঞ্চলিক পরিষদের প্রস্তাবনা অনুযায়ী ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা ড. গওহর রিজভী জানান, বর্তমান সরকারের মেয়াদেই পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন করা হবে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে পার্বত্য চট্টগ্রামের বেশ কয়েকটি বাঙালি সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে ভূমি কমিশন সংশোধন আইন সংক্রান্ত বিষয়ে তাদের মতামত গ্রহণ করেন। বাঙালি সংগঠনগুলোর নেতৃবৃন্দ প্রস্তাবিত ভূমি কমিশন আইনের বেশ কয়েকটি দফা সংশোধন করার প্রস্তাবনা দেয়। তারা প্রস্তাবিত ভূমি কমিশনের ৫ সদস্য সংখ্যা ৭ সদস্যে পুনর্গঠন করে কমিশনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কমিশন চেয়ারম্যানের আওতায় রাখার দাবি জানায়।