ছোটপর্দার জনপ্রিয় মুখ আরমান পারভেজ মুরাদ ও অপর্ণা ঘোষ। পাশাপাশি বড়পর্দাতেও বেশ সুনাম কুড়িয়েছেন তারা। এবার বড়পর্দায় জুটি হিসেবে দেখা যাবে তাদের। কামরুল হাসান নাসিমের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘লিলিথ’। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন তারা।
চলচ্চিত্রটির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা নিজেই। চলতি বছর ১৮ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ঢাকার অদূরে পূবাইল, ভোগরা, গাজিপুর ও রাজধানীর বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির চিত্রায়ণ হয়।
চলচ্চিত্রটির ৯০ শতাংশ চিত্রায়ণ সম্পন্ন হয়েছে। পাশাপাশি সম্পাদনার টেবিলেও প্রস্তুত হচ্ছে চলচ্চিত্রটি। যথাযথ নির্মাণ সম্পন্ন করে চলতি বছরই দর্শকের সামনে উপস্থিত হবে এটি।
নির্মাণ প্রসঙ্গে নির্মাতা নাসিম বলেন, “এ গল্পের মধ্য দিয়ে মানব সভ্যতায় অশরীরি দিক, পুরুষতান্ত্রিকতা, ভয়, জীবন-মৃত্যু, ষড়রিপু, প্রতিবাদ ও বাস্তবতার নানা দিক ধরা দিবে। প্রাথমিকভাবে এটিকে হরর ফিল্ম মনে হলেও আসলে শেষ পর্যন্ত একটি আধ্যাত্মিক উচ্ছ্বাসে ভাসবেন দর্শক। ‘লিলিথ’ বাংলাদেশ সহ সারাবিশ্বের চিন্তাশীল জনশ্রেণির জন্য নির্মিত সিনেমা। এ কারণেই ‘লিলিথ’-কে আমরা বলতে চাই মুভি অব দ্য প্ল্যানেট।”
চলচ্চিত্রটিতে একটি পত্রিকার সম্পাদকের চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। তার স্বামী ঔপন্যাসিক তুষারের চরিত্রে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ।
অপর্ণা বললেন, “মিথের চরিত্র ‘লিলিথ’ সম্পর্কে আমার আগে থেকেই ধারণা ছিলো। ফলে চিত্রনাট্যটি যখন হাতে পাই তখনই রাজি হই। এটি আসলে গতানুগতিক চলচ্চিত্রের মতো নয়, অনেকটাই দার্শনিক ভ্রমণ বলা চলে। কাজটি করে আমি বেশ তৃপ্ত। এর প্রতিটি ডায়ালগ থেকেই দর্শক চিন্তার খোরাক পাবেন।”
মুরাদ পারভেজ বললেন, “খুবই নতুন ধরণের কাজ। মানুষ যেন আরও বেশি মানবিক হয়ে উঠতে পারে সে ক্ষেত্রে চলচ্চিত্রটি ভূমিকা রাখবে বলে আশা করছি। সব মিলিয়ে কাজটা করে ভালো লেগেছে। ভারি সংলাপ, নতুন গল্প, নাসিম ভাইর লেখার হাত খুব ভালো। আর আমার কো আর্টিস্ট অপর্ণাতো দারুন।”
চলচ্চিত্রটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন-আয়েশা এরিন, ইন্দ্রনীল ছেত্রী, মেহরাব পিয়াস, জাভেদ ওমর, শীমুল চৌধুরী, লরিন খান, এনামুল হক প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি