ঢাকা মেডিক্যাল কলেজের ডিএনএ ল্যাবরেটরিতে কর্মবিরতি শুরু
প্রকাশ : ০৮ জুলাই ২০১৩, ২২:৫১
চাকরি রাজস্ব খাতে স্থানান্তর, পদোন্নতি ও ইউজার ফি বন্টনের দাবিতে কর্মবিরতি পালন শুরু করছেন ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরির (এনএফডিপিএল) কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল সোমবার সকাল ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজে কার্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে দেয় তারা। ফলে ল্যাবরেটরির সার্বিক কার্যক্রম বন্ধ থাকে। এদিকে ডিএনএ ল্যাবরেটরিতে কর্মবিরতি পালন করায় সাভারে রানা প্লাজা ভবন ধসে নিহত অজ্ঞাত ৩২২টি লাশের ডিএনএ পরীক্ষা আরো বিলম্বিত হওয়ার আশংকা করছে সংশ্লিষ্টরা।
আন্দোলনকারীরা জানান, পূর্ব কর্মসূচি অনুযায়ী তারা সকালে ঢাকা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে অবস্থিত ডিএনএ ল্যাবরেটরি কার্যালয়ের মূল কলাপসিবল গেটে তালা ঝুলিয়ে অফিস ভবনের নিচতলায় অবস্থান নেন। দুপুর আড়াইটা পর্যন্ত সেখানে অবস্থান করে তারা বাসায় চলে যান। ঢাকার বাইরে আরো ৭টি ডিএনএ ল্যাবরেটরির কর্মকর্তা-কর্মচারীরাও এই আন্দোলন কর্মসূচিতে অংশ নেন।
ল্যাবরেটরির ডিএনএ এ্যানালিস্ট আশীষ কুমার মজুমদার জানান, ডিপিপিতে (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোফাইল) ২০১১ সালের ৩০ জুনের পর প্রকল্প রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার কথা উল্লেখ থাকলেও তা ঝুলিয়ে রাখা হয়েছে। এমনকি ৭ থেকে ১০ বছর চাকরি করলেও তাদের পদোন্নতি দেয়া হয়নি। সামান্য বেতন ছাড়া আর কোনো সুযোগ-সুবিধাও তারা পাচ্ছেন না।