বৃষ্টির গান
প্রকাশ : ০৯ জুলাই ২০১৩, ১৮:৩৬
বৃষ্টি ঝরে বৃষ্টি ঝরে
মন উতলা খোকার ঘরে
দৃষ্টি অনেক দূর,
মাঠের কোলে ঢেউ খেলে যায়
জল টইটম্বুর।
গুড়ুম গুড়ুম মেঘের ডাকে
কাঁপন তোলে গাছের শাখে
সবুজ পাতায় বৃষ্টি হাসে
ঝরে যে টুপটাপ
কতো মধুর স্বপ্ন ছড়ায়
চারপাশে চুপচাপ।
শব্দ পানির ঝাপুর ঝুপুর
মেঘলা আকাশ বাজায় নূপুর
সুরের তালে তালে,
ঘাসের ডগায় নাচন জাগায়
বৃষ্টি বর্ষাকালে।