ভেনিজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদো সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সহায়তা চেয়েছেন। সমস্যা সমাধানে চীনের সঙ্গে তার কথা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। শনিবার কারাকাসের এক সমাবেশে গুয়াইদো এসব কথা বলেন। খবর রয়টার্সের
গুয়াইদো বলেন, আমরা মার্কিন রাষ্ট্রদূত কার্লোস ভেচ্চিওকে বলেছি সরাসরি যোগাযোগ স্থাপনে প্রতিরক্ষা দপ্তরের সাউদার্ন কমান্ড এবং নৌবাহিনীর সঙ্গে কথা বলতে। শুরু থেকেই বলে আসছি আমরা প্রেসিডেন্ট মাদুরোর ওপর চাপ সৃষ্টি করতে সব ধরনের পন্থা অবলম্বন করবো। তার এই বক্তব্যের বিষয়ে তাত্ক্ষনিকভাবে সাউদার্ন কমান্ড এবং রাষ্ট্রদূত কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। যদিও গত বৃহস্পতিবার সাউদার্ন কমান্ড টুইটার বার্তায় জানিয়েছিল, গুয়াইদো আমন্ত্রণ জানালে ভবিষ্যতে ভেনিজুয়েলার সেনাবাহিনীকে কিভাবে সহায়তা করা যায় সেই বিষয়ে আলোচনা করতে তারা প্রস্তুত।
গুয়াইদো জানান, ভেনিজুয়েলার সমস্যা সমাধানে ইউরোপীয় ইউনিয়ন এবং লাতিন আমেরিকার দেশগুলোর কূটনৈতিক প্রচেষ্টায় অংশ নেবে চীন। গত সপ্তাহে ইতালির একটি মিডিয়াকে দেওয়া সাক্ষাত্কারে গুয়াইদো জানান, যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করতে চাইলে তিনি সেটি সমর্থন করবেন। গত ৩০ এপ্রিল গুয়াইদো সামরিক অভ্যুত্থানের দাবি করলেও তা ব্যর্থ হয়। মূলত সেনাবাহিনীর সমর্থনেই টিকে আছেন প্রেসিডেন্ট মাদুরো।