ক্যা ম্পাসের টুকরো খবর
প্রকাশ : ০৯ জুলাই ২০১৩, ১৮:৪২
ঝিনাইদহ ক্যাডেট কলেজ
ক্যাম্পাস প্রতিবেদক
সাভারে রানা প্লাজা ধ্বসে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারকে দীর্ঘমেয়াদী পুনর্বাসন কর্মসূচির ভিত্তিতে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে ঝিনাইদহ প্রাক্তন ক্যাডেট এসোসিয়েশন। এ উপলক্ষে বাছাই এবং এসোসিয়েশনের নিয়মিত নিউজ লেটারের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য এই সংগঠনটির সদস্যরা রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের মাঝে জীবন রক্ষাকারী ওষুধ এবং অন্যান্য সাহায্য সামগ্রীও প্রেরণ করেন। ঝিনাইদহ প্রাক্তন ক্যাডেট এসোসিয়েশনের সভাপতি ডা: এ এস এম বদরুদ্দোজার স্ত্রী ফারহানা ফেরদৌস সংগঠনের সদ্য প্রকাশিত নিয়মিত নিউজ লেটারের মোড়ক উন্মোচন করেন।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাস প্রতিবেদক
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা বিভাগ ও অর্থনীতি বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের টিকফা চুক্তির সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ম্যাক্রো ও ফিন্যান্সিয়্যাল ইকোনোমিস্ট প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খ্যাতিমান অর্থনীতিবিদ, ঢাকা স্কুল অব ইকোনোমিসের গভার্নিং কাউন্সিলের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং ফ্যাকাল্টি ড. শামীম শাকুর।
ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি
ক্যাম্পাস প্রতিবেদক
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি স্পোর্টস ক্লাবের উদ্যোগে ‘বিইউবিটি আন্তঃ ইউনিভার্সিটি ক্রিকেট-২০১৩ প্রতিযোগীতার আয়োজন করা হয়। মোট ১৬টি দল নিয়ে নক-আউট ভিত্তিতে প্রায় দেড় মাসব্যাপী ক্রিকেট উত্সব চলবে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাষ্ট-এর চেয়ারম্যান প্রফেসর ডঃ শফিক আহমেদ সিদ্দিক।
ট্রিনিটি কলেজ
ক্যাম্পাস প্রতিবেদক
‘ট্রিনিটি কলেজ ঢাকা’র ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সম্প্রতি কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কলেজের পরিচালনা বোর্ডের সভাপতি ডা. মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এস এম এ ফায়েজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের রেজিস্ট্রার প্রফেসর এ ওয়াই এম ইকরাম-উদ-দৌলা।