চ্যানেলে চ্যানেলে রমজানের বিশেষ আয়োজন
প্রকাশ : ০৯ জুলাই ২০১৩, ২১:১১
পবিত্র মাহে রমজানকে ঘিরে প্রতি বছরের মতো এবারও দেশের প্রতিটি চ্যানেলে বিশেষ বিশেষ অনুষ্ঠান সাজানো হয়েছে। এর মধ্যে এটিএন বাংলায় ‘মোবারক হো মাহে রমজান’ রয়েছে বিশেষ অনুষ্ঠানমালা। ইফতারী এবং সাহরী দুই পর্বে সাজানো হয়েছে প্রতিদিনের এই অনুষ্ঠানমালা। সাহরী পর্বের অনুষ্ঠান রাত ৩টায়। সাহরী পর্বে থাকছে ‘খতমে কোরআন’, কোরআন ও সুন্নাহ’র আলোকে রমজানের গুরুত্ব তাত্পর্য নিয়ে টক শো এবং ইসলামী ঐতিহ্য ও তাত্পর্যপূর্ণ তথ্যচিত্র ‘হেজাজের কাফেলা’। ইফতারী পর্বের অনুষ্ঠান শুরু হবে প্রতিদিন বিকাল ৪টা ১০ মিনিটে। তারকাদের অংশগ্রহণে রান্না বিষয়ক ‘ঝটপট ইফতার’-এর মধ্যে দিয়ে শুরু হবে ইফতারী পর্বের আয়োজন। সরাসরি সম্প্রচার পবিত্র কোরআন শিক্ষার আসর ‘এসো কোরআন শিখি’ ৪টা ৩০ মিনিটে। বিকাল ৫টা ১০ মিনিটে ইসলামী কুইজ ‘জানতে চাই’। ৫টা ৪৫ মিনিটে ইসলামী ঐতিহ্য ও তাত্পর্যপূর্ণ তথ্যচিত্র ‘হেজাজের কাফেলা’। সরাসরি সম্প্রচর ‘ইসলামী সওয়াল ও জবাব’ ৬টা ১০ মিনিটে। মাগরিবের আযান পরবর্তী সময়ে ইসলামী গান।
পবিত্র মাহে রমজান মাসজুড়ে চ্যানেল আই প্রচার করছে রমজানের তাত্পর্যপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানমালা। এর মধ্যে রয়েছে সেহরী পূর্বে আলোচনানুষ্ঠান ‘মাহে রমজান ও সাহরী’। ইফতার পূর্ব অনুষ্ঠান ‘রমজানুল মোবারক ও কাফেলা’ প্রতিদিন বিকেল ৫টা ৫০ মিনিটে। বিকেল ৫টা ৩০ মিনিটে ইফতার পূর্ব ‘আলোকিত পথ’। এরপর হামদ্ নাত। রন্ধনবীদ কেকা ফেরদৌসীর ‘মনোহর ইফতার’ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে বৈশাখী টেলিভিশন প্রতিদিন বেশ কয়েকটি অনুষ্ঠান প্রচার করবে।
প্রশ্নোত্তর ও আলোচনার সরাসরি অনুষ্ঠান ‘রমজানের সওগাত’, প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। বিকেল ৪টা ১৫ মিনিটে থাকবে ‘ইফতার বাজার’। রাত ৩টায় ‘কল্যাণময় সেহরি’। এ ছাড়াও ‘রমজানের রান্না’ বিকেল ৩টা ৩০ মিনিটে, ইসলামী গানের অনুষ্ঠান ‘লক্ষ প্রাণের সুর’ বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচারিত হবে। ‘দেশে প্রবাসে ইসলাম’ প্রতি শুক্রবার দুপুর ১২টা ১৫ মি।
পবিত্র রমজান মাস উপলক্ষে জিটিভি প্রতিদিন দুপুর ৩টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচার হবে প্রশ্নোত্তরমূলক পর্ব ‘জিজ্ঞাসা ও জবাব’। বিকাল ৪টায় পবিত্র ঈদুল ফিতরের প্রস্তুতি নিয়ে ‘ঈদ শপিং’। বিকাল ৪টা ২০ মিনিটে ‘রমজানের সওগাত’। বিকাল ৫টা ৩০ মিনিটে আলোচনানুষ্ঠান ‘রমজানের পয়গাম’। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ‘চট জলদি ইফতার’। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ‘ঢাকার ইফতার বাজার’। রাত ৮টা ১০ মিনিটে ইসলামী অনুষ্ঠান। এ ছাড়া সাহরী ও ইফতার কাউন ডাউন ও প্রচার করবে চ্যানেলটি।