সিচুয়ানে তিব্বতি ভিক্ষুদের ওপর চীনা পুলিশের গুলি
প্রকাশ : ০৯ জুলাই ২০১৩, ২১:২২
চীনের অস্থিতিশীল দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাইলামার জন্মদিন উদযাপন উপলক্ষ্যে জড়ো হওয়া একদল বৌদ্ধ ভিক্ষুর ওপর এলোপাতাড়ি গুলি চালিয়েছে পুলিশ। এতে অন্ততপক্ষে দুইজন ভিক্ষু গুরুতর আহত হয়েছেন। একটি মানবাধিকার গোষ্ঠী এ দাবি করেছে। সিচুয়ান প্রদেশের গানজিতে শনিবার এ ঘটনা ঘটে। ভিক্ষুরা দালাইলামার ৭৮তম জন্মদিন উপলক্ষ্যে সেখানে জড়ো হয়েছিলেন বলে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ফর তিব্বত এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার সংগঠনটি জানিয়েছে, “বিপুলসংখ্যক সশস্ত্র পুলিশ ও সেনা সেখানে পাঠানো হয়। একটি সূত্র দাবি করেছে, অন্ততপক্ষে ৭টি সেনা ট্রাক ও পুলিশ বহনকারী গাড়ি সেখানে দেখা গেছে।”
এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, “নিরাপত্তা বাহিনী ভিক্ষুদের দালাইলামার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর আনুষ্ঠানিকতা রোধের চেষ্টা চালায়।” বেশ কয়েকটি তিব্বতিয়ান সূত্র দাবি করেছে, “কোনো আগাম সতর্কতা ছাড়াই পুলিশ জড়ো হওয়া নিরস্ত্র ভিক্ষু ও অন্যান্যদের ওপর গোলাগুলি ও কাঁদানে গ্যাস ছোঁড়া শুরু করে।” এই ঘটনায় দুই ভিক্ষু মাথায় গুলিবিদ্ধ হন। এ ছাড়া আরো বেশ কয়েকজন গুরুতর আহত হন বলে সংগঠনটি দাবি করেছে।
তিব্বত অঞ্চলে চীনা নিরাপত্তা বাহিনী প্রায়ই লাঠিসোটা ও অন্যান্য অস্ত্র দিয়ে কঠোরভাবে বিক্ষোভ নিয়ন্ত্রণ করে থাকে। তবে আগ্নেয়াস্ত্র ব্যবহার বিরল। গানজির কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তারা এ ঘটনা সম্পর্কে কোনোকিছু জানেন না বলে জানিয়েছেন। চীনা শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু হলে ১৯৫৯ সালে চীন ত্যাগ করেন দালাইলামা। চীন তাকে একজন উগ্র বিচ্ছিন্নতাবাদী বলে মনে করে। কিন্তু ভারতে আশ্রয় নিয়ে বসবাসকারী দালাইলামা দাবি করে আসছেন, তিনি শুধু হিমালয়ের জন্মভূমিতে বৃহত্তর স্বায়ত্তশাসন চাইছেন।