বগুড়া-৬ (সদর) আসনে উপ-নির্বাচনে তফসিল ঘোষণার পরপরই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীরা সোচ্চার হলেও বিএনপি একেবারেই নিশ্চুপ। ক্ষমতাসীন দল থেকে প্রার্থী হওয়ার জন্য একাধিক মনোনয়ন প্রত্যাশী দলের কেন্দ্রীয় নেতাদের কাছে দৌড়ঝাপ শুরু করেছেন। শহরে কৌতুহল, বগুড়া সদরে কে প্রার্থী হবেন আওয়ামী লীগ থেকে।
গত ৩০ এপ্রিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণার পর থেকে সম্ভাব্য প্রার্থীরা গা ঝাড়া দিয়ে মাঠে নামেন। উপ-নির্বাচনে প্রার্থী হতে বগুড়া জেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি আলহাজ মমতাজ উদ্দিনের ছেলে এফবিসিসিআইয়ের পরিচালক ও বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাছুদুর রহমান মিলন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদত্ আলম ঝুনু, সংসদে সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জেলা জাপার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর, জার্মান আওয়ামী লীগের উপদেষ্টা আসাদুর রহমান খন্দকার লাইজু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু জোর চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।