গোলানে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে ফিজির আরো ৩৮০ সৈন্য

ফিজি জানিয়েছে, গোলান মালভূমিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে যোগ দিতে তারা আরো ৩৮০জন সৈন্য পাঠাবে। এসব সৈন্য যোগ দিলে সেখানে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দেশটির সৈন্যসংখ্যা বেড়ে ৫৬২ জনে দাঁড়াবে। এএফপি’র খবরে বলা হয়,সিরিয়া সংঘাত ছড়িয়ে পড়ার কারণে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী থেকে বিভিন্ন দেশ সৈন্য প্রত্যাহার করে নেয়ার পর ফিজি সেখানে সৈন্য পাঠানোর এই সিদ্ধান্ত গ্রহণ করে। ফিজির প্রধানমন্ত্রী ভরেক বাইনিমারামা বলেন, তাদের দেশের এসব সৈন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে সিরিয়া ও ইসরাইলের মধ্যবর্তী উত্তেজনাপূর্ণ সীমান্তে পাঠানো হবে। ফিজি সান সংবাদপত্র জানায়, সপ্তাহান্তে সলোমন দ্বীপপুঞ্জ সফরকালে বাইনিমারামা বলেন, এ মাসের শেষের দিকে সেখানে এসব সৈন্য পাঠানো হবে। জাপান ও ক্রোয়েশিয়া ইতোমধ্যে গোলান মালভূমি থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নিয়েছে। এছাড়া অস্ট্রিয়া গোলান মালভূমি থেকে তাদের দেশের সৈন্য প্রত্যাহার করে নেয়ার কাজ শুরু করেছে।