গঙ্গাচড়ায় পাটক্ষেতে মড়ক দিশাহারা কৃষক
গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৯ জুলাই ২০১৩, ২১:২৯
পাট গাছগুলা কেনবা মরি যাওছে, কি রোগ যে হইছে, হামার ম্যাল্লা ক্ষতি হইবে——এভাবে কষ্টের কথাগুলো বলছিল পাটচাষী ফজলু মিয়া। রংপুরের গঙ্গাচড়া উপজেলার উমর গ্রামে ফজলুর বাড়ি। এবছর তিনি ৫০ শতক জমিতে তোষা জাতের পাট চাষ করেছেন। তিনি জানান, তার ক্ষেতের প্রায় অর্ধেক পাট গাছ মরে গেছে। গাছগুলো শুকিয়ে গেছে। ফজলুর মত এ গ্রামের কামালেরও প্রায় ৬০ শতক জমির অর্ধেক পাট গাছ মরে গেছে। কিশামত হাবু গ্রামের কৃষক মোনজাব আলী ও মমিনুর রহমান বলেন, তাদের জমিতেও অনেক পাট গাছ আগাম মরে গেছে। কৃষকরা জানান- পাট গাছ ৪/৫ ফুট লম্বা হওয়ার পর মরে যায়। কৃষকরা আদৌ জানে না কি রোগ হয়েছে। সঠিকভাবে চিকিত্সা করতে না পারায় ব্যাপক ক্ষতির স্বীকার হয়েছেন কৃষক। অনেক আশা আর স্বপ্ন নিয়ে পাট চাষ করলেও কৃষকরা এখন হতাশ। অজ্ঞাত রোগে পাট গাছ মরে যাওয়ায় লোকসান গুনতে হবে চাষীদের।