আটোয়ারীতে ২৫ গ্রাম প্লাবিত স্কুলে তিন গ্রামের মানুষ
আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা
প্রকাশ : ০৯ জুলাই ২০১৩, ২১:২৯
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ২৫ গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। ৩ গ্রামের মানুষ বাড়ি-ঘর ছেড়ে একটি বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। গত কয়েকদিনের টানা ভারি বর্ষণ ও উজান থেকে ধেয়ে আসা বন্যার পানির স্রোত রাণীগঞ্জ, সাতপাখি, টাঙ্গন ব্যারেজপাড়া, সর্দারপাড়া, মণ্ডলপাড়া, দীনমারা, মালিগাও, পানবারা, বার আউলিয়া, ধামোর, পুরাতন আটোয়ারী, সাবডিগজ, ঝলঝলি, দাড়িমনি, দলুয়া, দাড়খোর, কাটালী, তড়েয়া, নিতুপাড়া, বর্ষালুপাড়া, বোধগাও, রামপুর, আলোয়াখোয়াসহ প্রায় ২৫ গ্রাম সম্পূর্ণ বন্যার পানিতে প্লাবিত হয়েছে। বন্যায় উপজেলার বার আউলিয়া মাজার রাস্তার বড় ব্রীজসহ বিভিন্ন সড়কের ৩০টি ব্রীজ, কালভার্ট, কাঁচা রাস্তা, ২ শতাধিক বাড়ি-ঘর, হাজার হাজার গাছপালা ভেঙ্গে পড়েছে। ফলে উপজেলা সদরসহ পঞ্চগড় জেলা শহরের যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ে। এছাড়া বন্যায় আমন বীজতলা, মরিচ, পাটসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পুকুর পানিতে ভেসে যাওয়ায় মত্স্য চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা থেমে গেছে। বন্যার কারণে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। মির্জাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ জানান, ওই ইউনিয়নের তিনটি গ্রাম সম্পূর্ণ বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় পানিবন্দি মানুষকে তিনি সর্দারপাড়া উচ্চ বিদ্যালয়ে থাকা ও খাওয়ার ব্যবস্থা করেন।
উপজেলা চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী অফিসার মোঃ আশরাফুল ইসলাম, রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ বন্যাকবলিত রাধানগর, সাতপাখি, টাঙ্গন সুইচ গেট ও বলরামপুর এলাকা পরিদর্শন করেন। বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণসামগ্রী প্রয়োজন।