শান্তিচুক্তির আলোকে পার্বত্য ভূমি আইন সংশোধন করা হবে
প্রকাশ : ০৯ জুলাই ২০১৩, ২১:৩২
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর এমপি বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। আরো উন্নয়ন নিশ্চিত করতে সার্বিক পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রাখতে হবে। তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম ভূমি আইনের সংশোধনী শান্তি চুক্তির আলোকে এবং পাহাড়ি-বাঙালি কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখে আইন সংশোধন করা হবে। সোমবার খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মতবিনিময় অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সম্পাদক মোঃ জাহেদুল আলম, বাঙালি কৃষক শ্রমিক কল্যাণ পরিষদ নেতা রেজাউল করিম হেলাল, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ নেতা আব্দুল মজিদ, পার্বত্য নাগরিক পরিষদের নেতা আলকাছ আল মামুন, পরিবহন মালিক সমিতির নেতা এস এম শফি, দীঘিনালা ইউপি চেয়ারম্যান বিশ্বকল্যাণ চাকমা, পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা বক্তব্য রাখেন।