আওয়ামী লীগে সংঘর্ষ

লক্ষ্মীপুরে পাল্টাপাল্টি মামলা, শতাধিক নেতাকর্মী আসামি

লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীদের পৃথক সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। শনিবার রাতে স্থানীয় আতাউল গনি বাদি হয়ে চরবংশী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবুল হোসেনকে আসামি করে ৪৪ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। অপরদিকে আলতাফ হোসেন ব্যাপারি বাদি হয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারকে আসামি করে ৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে আরও একটি মামলা করেছেন। 

গত শুক্রবার ও শনিবার এই সংঘর্ষের ঘটনায় দলের চরবংশী ইউনিয়ন কার্যালয়সহ ৫টি ঘর-বাড়িতে হামলা, ভাঙচুরসহ ২৬ নেতাকর্মী আহত হন। পাল্টাপাল্টি মামলার তথ্য নিশ্চিত করে রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) সোলাইমান চৌধুরী বলেন, এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের চেষ্টায় বিভিন্ন স্থানে অভিযান চলছে।