ফোঁড়া অপারেশন করাতে শিশুর মৃত্যু

শরীয়তপুরে ভুয়া চিকিত্সকের হাতে ইমরান নামের দুই বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। গত সোমবার শিশুর রানের ওপর ফোঁড়া নিয়ে সুনীল মণ্ডলের ওষুধের দোকানে গেলে ভুয়া চিকিত্সক দীপক মণ্ডল অপারেশন করা লাগবে বলে জানায়। অপারেশন করতে গিয়ে অতিরিক্ত জেসোকেইন নামক অবশ করার ইনজেকশন পুষ করার সাথে সাথে শিশুটির মুখ দিয়ে লালা বের হয়। এ অবস্থায় স্থানীয়রা দ্রুত ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সক মুছা খান বলেন, ইনজেকশনের মাত্রা বেশি হওয়ায় শিশুটি মারা গেছে। রেজিস্টার্ড চিকিত্সক ছাড়া কেউ এভাবে চিকিত্সা সেবা দিতে পারে না। যারা মানুষের জীবন নিয়ে এমন খেলা করে তাদের কঠিন শাস্তি হওয়া উচিত। ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদির ভুঞা বলেন, এ ঘটনায় শিশুটির নানা সোবাহান ঢালী বাদী হয়ে দীপক মণ্ডলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। অভিযুক্ত চিকিত্সক দীপক মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে।