নির্বাচনী সহিংসতা ও নারী
গুলশানে আইএফইএস বাংলাদেশ-এর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ০৯ জুলাই ২০১৩, ২১:৩৩
ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেম (আইএফইএস) বাংলাদেশ সোমবার রাজধানীর গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে ‘নির্বাচনী সহিংসতা প্রতিরোধে নারী ফোরাম’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করে। এতে অংশ নেন নারী ব্যবসায়ী ও উদ্যেক্তা, শিক্ষক সমাজ, মিডিয়া ও সুশীল সমাজের প্রতিনিধিরা। নারী সমাজ নির্বাচনকালীন সময়ে নির্বাচন সংশ্লিষ্ট ও রাজনৈতিকসহ যেসব সহিংসতার শিকার হয় সেসব শ্রেণীর নারীর মতামতের ভিত্তিতে চিহ্নিত করে বিবৃতি প্রদান ও তা অপসারণে নির্বাচন কমিশন ও আইন প্রয়োগকারী সংস্থার করণীয় নির্ধারণ ছিল এ কর্মশালার মূল উদ্দেশ্য।
অনুষ্ঠান উদ্বোধন করেন মার্কিন দূতাবাস বাংলাদেশের ডেপুটি চীফ অব মিশন জন ডেনিলোউয়িক্জ। তিনি তার বক্তব্যে সুস্থ গণতান্ত্রিক ধারায় নারীর অধিকতর অংশগ্রহণের উপর গুরুত্বারোপ দেন। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার ডঃ সাদেকা হালিম। তিনি রাজনৈতিক ও নির্বাচনী কর্মকাণ্ডে নারীর ক্রমবর্ধমান অংশগ্রহণের বিষয়ে আবেগময় ভাষায় বক্তব্য রাখেন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হুমকি ও সন্ত্রাসের শিকার নাগরিকদের সুরক্ষা দেয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী নারীরা রাজনৈতিক দলগুলোর প্রধান ও নির্বাচনী প্রার্থীদের উদ্দেশ করে একটি বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে তারা বাংলাদেশের নারী সমাজের পক্ষ থেকে প্রধান রাজনৈতিক দলগুলোর দৃষ্টি আকর্ষণ করে নির্বাচনে তাদের প্রভাব বিস্তারের লক্ষ্যে হুমকি- ধমকি ও সন্ত্রাসের পথ পরিহার করার অনুরোধ জানান। বিবৃতিতে আরো বলা হয়, সন্ত্রাস আমাদের সামাজিক জীবনে কোন শান্তি বয়ে আনে না এবং এটি আমাদের অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তিতে ক্ষতিকর প্রভাব ফেলছে। এটি একই সঙ্গে গণতান্ত্রিক পরিবেশে আমাদের নাগরিক অধিকারও হরণ করছে।