অপরাধী যেই হউক তার পরিচয় সে অপরাধী -----চিফ হুইপ লিটন চৌধুরী

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, অপরাধী যেই হোক তার পরিচয় সে অপরাধী। প্রশাসনের চোখের সামনে বাজারের ভিতরে যেখানে ইউএনও অফিস থেকে জানালা খুললে দেখা যায়, যেখানে ওসি সাহেবের চোখের সামনে, যেখানে নেতাদের অফিস আছে, সেখানে যদি এই ধরনের ধর্ষণ বা হত্যার মত ন্যক্কারজনক ঘটনা ঘটতে পারে তাহলে গ্রামগঞ্জে কি ঘটবে। এই ধর্ষণ বা হত্যার সঙ্গে যারাই জড়িত তাদের সবাইকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে। গতকাল রবিবার মাদারীপুরের শিবচরে ৩টি সেতুসহ একাধিক উন্নয়নমূলক কাজ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, পদ্মা সেতু সম্পূর্ণ হওয়ার পরে সারা দেশের সাথে শিবচরেও একটা ভৌগোলিক পরিবর্তন হয়ে যাবে। এখানে প্রায় ১৯শ কোটি টাকা ব্যয়ে শেখ হাসিনা তাঁত পল্লী হতে যাচ্ছে। এখানে বিদেশ থেকে মানুষ আসবে আমদানি করার জন্য। আমাদের বেকার সমস্য দূর হবে। অর্থনীতির উন্নতি হবে। পরে তিনি শিবচর উপজেলা পরিষদ কর্তৃক আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।