রমজান উপলক্ষে বিশ্ব মুসলিমকে ওবামার শুভেচ্ছা

পবিত্র রমজান শুরু উপলক্ষে যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাপী মুসলিম জনগোষ্ঠীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামাকে উদ্ধৃত করে হোয়াইট হাউসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের ১৫০ কোটি মুসলিমদের জন্য রমজান হলো গভীর আত্মপর্যালোচনা, রোজা রাখার ও আল্লাহ্’র প্রতি ভক্তি নিবেদনের সময়। এ সময়টি পরিবার ও বন্ধুরা একসঙ্গে মিলে বিভিন্ন ধর্মবিশ্বাসের মানুষকে একসঙ্গে আবদ্ধ করার নীতি উদযাপনের সুযোগ। এছাড়া মানুষের প্রতি শান্তি, ন্যায়বিচার, সমতা ও সমবেদনার অঙ্গীকারেরও সুযোগ করে দেয়। এই মাস আমাদেরকে আরো মনে করিয়ে দেয় যে, স্বাধীনতা, মর্যাদা ও সুযোগ-সুবিধা সকল মানুষের অবিসংবাদিত অধিকার। আমরা এইসব সর্বজনীন মূল্যবোধগুলো নিয়ে এমন এক সময়ে বিবেচনা করছি যখন মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাব্যাপী অনেক নাগরিক তাদের এই সব মৌলিক অধিকারের জন্য লড়াই করছেন এবং লক্ষ লক্ষ শরণার্থী নিজ বাসস্থান থেকে দূরে কোথাও রমজান পালন করছেন। যারা এমন একটি বিশ্ব গড়তে চান, যেখানে সকল মানুষ নিজ ভবিষ্যত্ নির্ধারণ করতে এবং সহিংসতার ভয়-ভীতি ছাড়াই নিজের ধর্মচর্চা করতে পারবেন। যুক্তরাষ্ট্র সব সময় তাদের পাশে রয়েছে। ওবামা বলেন, যুক্তরাষ্ট্রে রমজান আমাদের মনে করিয়ে দেয় যে লক্ষ লক্ষ মুসলিম আমেরিকান প্রতিনিয়ত আমাদের জাতিকে সমৃদ্ধ করে চলেছে। অনেকে আমাদের সরকার ব্যবস্থায় কাজ করেন, বৈজ্ঞানিক উদ্ভাবনে নেতৃত্ব দেন, কর্মসংস্থান সৃষ্টি করেন এবং আমাদের প্রতিবেশীদের সেবা প্রদান করেন। বিগত চার বছরে প্রত্যেকবারই আমি হোয়াইট হাউসে ইফতার মাহফিলের আয়োজনের সম্মান অর্জন করেছি এবং যেসব মুসলিম আমেরিকানরা উদ্যোক্তা, সমাজকর্মী ও শিল্পী হিসেবে আমাদের দেশে অবদান রাখছেন এ বছরও তাদের আমি স্বাগত জানানোর প্রত্যাশা করছি। আমি ও মিশেল ওবামা আমেরিকা ও বিশ্বব্যাপী মুসলমানদের পরিবার, আনন্দ ও সমঝোতায় পরিপূর্ণ একটি মাসের প্রত্যাশায় শুভেচ্ছা কামনা করছি। রমজানুল করিম।