বরিশালে হাজতির মৃত্যু
প্রকাশ : ০৯ জুলাই ২০১৩, ২২:৪০
ডাকাতি মামলায় বিচারাধীন এক হাজতির শের-ই বাংলা মেডিক্যাল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত সোমবার মৃত্যু হয়েছে। মৃত হাজতি কালাম হাওলাদার (৪২) গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, গত ১৮ জুন রাতে গৌরনদীর কমলাপুর গ্রামের সৌদি প্রবাসী জিতু মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় জিতু মিয়ার ছোট ভাই গোলাম সারোয়ার মিয়া বাদি হয়ে মামলা দায়ের করলে ঐ মামলার আসামি হিসাবে কালামকে আটক করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, গত সোমবার কালাম হাওলাদারের জামিন শুনানি ছিল। কিন্তু আদালত তাকে জামিন না দিয়ে জেলহাজতে পাঠায়। সন্ধ্যায় তাকে আদালত থেকে জেলে নিয়ে আসা হলে সে অসুস্থ হয়ে পড়ে। তাত্ক্ষণিক তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।