রমজানকে সাংগঠনিক মাস ঘোষণা করলেন খালেদা জিয়া

পবিত্র মাহে রমজানকে সাংগঠনিক মাস ঘোষণা করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী এ দলটির নজর এখন আগামী জাতীয় সংসদ নির্বাচন। এ এক মাসে তৃণমূল থেকে দল গোছানোর পাশাপাশি আগামী ঈদের পর তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন এবং জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রাক প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছেন তিনি। এ সময়ে দলের ৭৫টি সাংগঠনিক জেলা কমিটির মধ্যে যেগুলোর এখনো কাউন্সিল এবং কমিটি হয়নি তা সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন চেয়ারপার্সন। তিনি দলের শীর্ষ থেকে জেলা, থানা, নগর ও মহানগর নেতাদের ঐক্য গড়ে তুলে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসানের নির্দেশ দিয়েছেন। বিএনপি তথা ১৮ দল সারাদেশে ইফতার পার্টির আয়োজন করবে। ১৮ দলের নেতারা সরকারকে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনে বাধ্য করতে জনমত সৃষ্টি করতে মফস্বলে যাবেন। তবে এ মাসে আপাতত মিছিল-সমাবেশের কোন কর্মসূচি প্রণয়ন করা হয়নি। বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, দলের কার্যালয় এ বিষয়ে একটি নিদের্শনা প্রেরণ করা হচ্ছে সারা দেশে। বেগম খালেদা জিয়া প্রতিবছরের মত ইফতার পার্টির আয়োজন করছেন। ১লা রমজান দেশের আলেম-উলামাদের সঙ্গে ইফতার মাহফিলের মাধ্যমে এ কর্মসূচি শুরু করবেন। আগামীকাল বৃহস্পতিবার তিনি ইস্কাটনের লেডিস ক্লাবে আলেমদের সম্মানে ইফতারের আয়োজন করেছেন। বেগম জিয়া রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক-শিক্ষক-কবি-সাহিত্যিকসহ সর্বস্তরের পেশাজীবীদের সম্মানেও ইফতার মাহফিলের আয়োজন করবেন। তিনি জোটের কয়েকটি শরিক দলের ইফতার পার্টিতে যোগ দেবেন। এদিকে ১৮ দল সমর্থিত অধ্যাপক এমএ মান্নানকে মেয়র পদে বিজয়ী করায় গাজীপুরবাসীকে অভিনন্দন জানাতে আগামী ১৯ জুলাই গাজীপুর যাচ্ছেন বেগম খালেদা জিয়া। এ উপলক্ষে জেলা বিএনপি ইফতার মাহফিলের আয়োজন করবে। ২৭ জুলাই ওমরাহ পালনে যাবেন খালেদা জিয়া:আগামী ২৭ জুলাই পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন বেগম খালেদা জিয়া। ১০ দিনের সফর শেষে আগামী ৫ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে। জানা গেছে, ওই সময় খালেদা জিয়ার ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সপরিবারে সৌদি আরব আসতে পারেন। এরশাদকেও ইফতারের আমন্ত্রণ:মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদকে ইফতারের আমন্ত্রণ জানিয়েছেন বেগম খালেদা জিয়া। বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি ও আসাদুল করীম শাহিন গতকাল খালেদা জিয়ার পক্ষে আমন্ত্রণপত্রটি বারিধারার প্রেসিডেন্ট পার্কে গিয়ে এরশাদের কাছে পৌঁছে দেন। জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদ, কাজী জাফর আহমদসহ মোট ২৩ জনকে ইফতারের দাওয়াত দেয়া হয়েছে। আগামী ১৩ জুলাই খালেদা জিয়া রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতার করবেন। জাতীয় সংসদ ভবনের এলডি প্লাজা প্রাঙ্গণে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিএনপি।