স্কুল কলেজে রোজার ছুটি ১৭ দিন কমেছে, অভিভাবকদের ক্ষোভ
প্রকাশ : ০৯ জুলাই ২০১৩, ২২:৪৯
হরতাল ও রাজনৈতিক অস্থিরতায় ক্লাস না হওয়ায় ক্ষতি পুষিয়ে নিতে স্কুল-কলেজে রোজার ছুটি ১৭ দিন কমেছে। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের ২০১৩ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি সংশোধন করে ছুটি পুনঃনির্ধারণ করে। আগের শিক্ষাক্রম অনুযায়ী ১১ জুলাই থেকে ১২ অগাস্ট পর্যন্ত রমজান, জুমাতুল বিদা, শব-ই-কদর ও ঈদুল ফিতরের ছুটি ২৮ দিন নির্ধারিত ছিল। এই ছুটি কমিয়ে এখন ২৭ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত করা হয়েছে।
তবে শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা। শিক্ষকরা জানান, পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ১১ জুলাই থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা। সে অনুযায়ী আমাদের প্রস্তুতিও ছিল। সরকারের সিদ্ধান্তে হরতালের সময়ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে। কিন্তু এখন হরতালের ক্ষতি পুষিয়ে নেয়ার নামে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার ঘোষণা দিয়েছে, যার যৌক্তিক কোন কারণ নেই।
শিক্ষক কর্মচারী ঐক্যজোটের প্রধান অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া জানান, সরকার হঠাত্ করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত ঘোষণা দিয়েছে। যার কোন যৌক্তিক কারণ নেই। আমরা ছুটির জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছি। নির্ধারিত সিলেবাসও শেষ করেছি। এখন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হলে শিক্ষার্থী ও শিক্ষকরা বিপাকে পড়বে। তিনি এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য সরকারের কাছে দাবি জানান। বাংলাদেশ শিক্ষক সমিতি ও শিক্ষক কর্মচারী মহাঐক্যজোট প্রধান মো. বাছিরউদ্দিন বলেন, দেশব্যাপী শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা যখন ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিয়াম পালনের প্রস্তুতিতে ব্যস্ত, সরকার ঠিক সেই সময় রমজানের ছুটি কমিয়ে প্রতিষ্ঠান খোলা রাখার হটকারী সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এ সিদ্ধান্তে শিক্ষক সমাজ হতাশ হয়েছে।