আজমতকে কেন সমর্থন দিয়েছিলাম সময় হলে বলব :এরশাদ
প্রকাশ : ০৯ জুলাই ২০১৩, ২২:৫০
মহাজোট শরিক জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে গোপালগঞ্জের কত পুলিশ ছিল তা সবাই জানে। কিন্তু সেই পুলিশও কোনো সাহায্য করতে পারেনি। মানুষের মন উঠে গেলে কোনো শক্তি দিয়ে তা ঠেকানো যায় না, গাজীপুরে সেটিই প্রমাণ হয়েছে। জাপার গবেষণা ও কৌশল নির্ধারণ বিভাগ জাতীয় পার্টি রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজি ইউংয়ের উদ্যোগে গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, গাজীপুরে আওয়ামী লীগের পরাজয়ের মূল কারণ হেফাজত। সরকারকে বারবার সাবধান করেছিলাম-শাহবাগ বন্ধ করুন। সরকার শোনেনি। বিচার হয়ে যাবার পর শাহবাগের কথায় সংসদে আইন সংশোধন করা হয়েছে। এই ধরনের ঘটনা পৃথিবীর কোথাও ঘটেনি, এই প্রথম বাংলাদেশে ঘটল। এতে কী প্রমাণ হয়? দেশে কোনো সরকার আছে? শাহবাগের গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকারের কথা উল্লেখ করে এরশাদ বলেন, যখন শাহবাগ মঞ্চ হল, তখন আমি ইমরানকে জিজ্ঞাস করেছিলাম, ‘ইমরান, হু আর ইউ?’ তুমি কি বঙ্গবন্ধু হতে চাও? সে কোনো উত্তর দিতে পারেনি। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের সুষ্ঠু বিচার দাবি করা তো কোনো অপরাধ নয়।
গাজীপুর নির্বাচনে শেষ মুহূর্তে ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা খানকে সমর্থন দেয়ার বিষয়ে দলের অভ্যন্তরে অসন্তোষের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, একটা ঘোষণায় জাপা পড়ে যায়নি, আমার দল মরে যায়নি। আমি একাই এই সিদ্ধান্ত নিয়েছি। কেন ঘোষণাটি দিয়েছিলাম- সময় হলে সব খুলে বলব। আমি যে ভুল করিনি তা প্রমাণ করব। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি যা জানি, তোমরা তা জান না, আমি যা দেখি তোমরা তা দেখ না।’
তিনি বলেন, দেশে সংসদীয় গণতন্ত্র সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সংসদে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়া হয়। আমি বলব-রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা করুন। আমেরিকার সরকার ব্যবস্থাও রাষ্ট্রপতি শাসিত। সেখানে কি গণতন্ত্র নেই?
এরশাদ বলেন, বর্তমান সরকারের সবচেয়ে বড় সমালোচক আমিই। আমার চেয়ে বেশি সমালোচনা কেউ করেনি। আমি বলেছি-কারও লেজুড়বৃত্তি করব না, আর কারও ক্ষমতায় যাবার সিঁড়ি হিসাবে ব্যবহূতও হব না। পারলে একাই দাঁড়াব, না পারলে ধ্বংস হয়ে যাব। আই অ্যাম এ সোলজার এ্যান্ড আই অলওয়েজ বি এ সোলজার। আমার প্রতিটি পদক্ষেপ ক্যালকুলেটেড। ইনশাল্লাহ আমি করে দেখাব। আমি আজ নিঃস্ব। জীবনের শেষ প্রান্তে আমি দেখে যেতে চাই, জাতীয় পার্টি ক্ষমতায় রয়েছে।
তিনি বলেন, আমি একমাত্র সামরিক শাসক যে সাংবিধানিকভাবে পদত্যাগ করেছে। জাপা ক্ষমতায় গেলেই কেবল দেশে গণতন্ত্রের আসল রূপ ফিরে আসবে। কাগজে-কলমে নয়, সত্যিকারে হবে। গুন্ডামি-মাস্তানি বন্ধ হয়ে যাবে। বিকজ উই বিলিভ ইন ডেমোক্রেসি। আমার সময় সুশাসন ছিল। তখন চাঁদাবাজি ছিল না, টেন্ডারবাজি ছিল না। এখন আওয়ামী লীগের একজন পাতি নেতার কথায়ও ডিসি, এসপি, ওসি বদলি হয়ে যায়। আমার সময় মন্ত্রী-এমপি কাউকে কোথাও হস্তক্ষেপ করতে দেইনি।
এরশাদ দাবি করেন তার শাসনামলে রাজনৈতিক সহিংসতায় সবচেয়ে কম মানুষ মারা গেছে। তিনি বলেন, আমি মানুষ খুন করতে চাইনি। কারণ মানুষ মেরে ক্ষমতায় থাকা যায় না। আমার হাতে রক্ত নেই। সেজন্য এখনও যেখানে যাই-মানুষের ভালোবাসা পাই। সবাই বলে-স্যার আপনি আবার আসুন। অথচ এ সরকারের আমলে দু’দিনে পুলিশ ১৭৬ জনকে গুলি করে মেরেছে। তারা কী মানুষ নয়! হেফাজত মারা যায়, যেন সরকার বলতে কিছু নেই। এখন মানুষকে মারার হুকুম দেয়া হয়। আমি কখনও মানুষ মারার হুমুক দেইনি।
গবেষণা বিভাগের প্রেসিডেন্ট ববি হাজ্জাজের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। দলের প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, গোলাম মসীহ, এসএম ফয়সল চিশতি প্রমুখ এতে উপস্থিত ছিলেন।