তারেক রহমানের আদর্শ তরুণরা গ্রহণ করেছে :মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশে বলেছেন, দয়া করে দাম্ভিকতা, অহঙ্কার ও একগুঁয়েমি ছাড়ুন। এখন আর কি নিয়ে ঔদ্ধত্য দেখান। তত্ত্বাবধায়কের দাবি সংবিধানে সংযোজন করে অবিলম্বে পদত্যাগ করে নির্বাচন দিন। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার (এনআরসি) আয়োজিত ‘তারেক রহমান ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানপূর্ব নাগরিক সভায় এ আহ্বান জানান তিনি। তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে আলোচিত সম্ভাবনাময় তরুণ নেতা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তার নেতৃত্বের দিকে বাংলাদেশ তাকিয়ে আছে। তারেক রহমানের আদর্শ দেশের তরুণরা গ্রহণ করেছে। মির্জা ফখরুল বলেন, ব্রিটেনে বসে গণতন্ত্রের কথা বলা যায়। কারণ সেখানে বিরোধীদলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেয়া হয় না। জুলুম-নির্যাতন করা হয় না। ইলিয়াস আলী, চৌধুরী আলম ও শ্রমিক নেতা আমিনুলের মতো কাউকে গুম হতে হয় না। শাপলা চত্বরের মতো গণহত্যা চালানো হয় না। ব্রিটেন আর বংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট এক নয়। তিনি বলেন, বাংলাদেশে তত্ত্বাবধায়কের অধীনে ছাড়া অন্য কোনো পন্থায় নির্বাচন জনগণ মেনে নেবে না। সভা শেষে ‘তারেক রহমান ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন মির্জা ফখরুল।