‘ভেনিজুয়েলায় আশ্রয় নেবেন স্নোডেন’

যুক্তরাষ্ট্রের শীর্ষ গোপন গোয়েন্দা কার্যক্রম ফাঁস করে দেয়া সাবেক গোয়েন্দা ঠিকাদার এডওয়ার্ড স্নোডেন সম্ভবত ভেনিজুয়েলার দেয়া রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব গ্রহণ করবেন। যুক্তরাষ্ট্রের সাংবাদিক গ্লেন গ্রিনওয়ার্ল্ড মঙ্গলবার এ কথা জানান। স্নোডেনের ফাঁস করা গোপন গোয়েন্দা কার্যক্রমের নথি সাংবাদিক গ্রেন গ্রিনওয়ার্ল্ডই প্রথম প্রকাশ করেন। অনলাইনে স্নোডেনের সঙ্গে চ্যাটের মাধ্যমে নেয়া তাত্ক্ষণিক এক সাক্ষাত্কার গ্রহণের পর গ্রিনওয়ার্ল্ড জানান, লাতিন আমেরিকার যে তিনটি দেশ স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় দেয়ার প্রস্তাব দিয়েছে তার মধ্যে নিরাপত্তার নিশ্চয়তা বিবেচনায় ভেনিজুয়েলার প্রস্তাবই সম্ভবত স্নোডেন গ্রহণ করতে যাচ্ছেন। গ্রিনওয়ার্ল্ড এও বলেছেন, এই সমস্যার এখনো জটিল এবং এটি সমাধানে কয়েকদিন বা সপ্তাহও লেগে যেতে পারে। গোপন তথ্য ফাঁসকারী ওয়েবসাইট উইকিলিকস স্নোডেনকে রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারে তার আইনি সুযোগ সম্পর্কে উপদেষ্টার ভূমিকা পালন করে যাচ্ছে। মঙ্গলবার উইকিলিকস জানিয়েছে, স্নোডেনের সম্পর্কে বুধবার তারা সাম্প্রতিক খবরাখবর জানাবে। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি অগ্রাহ্য করেই সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় দেয়ার প্রস্তাব দেন।