মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সচিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ
প্রকাশ : ১০ জুলাই ২০১৩, ২১:৩৩
আমার ভাই সৈয়দ নুরুল ইসলাম (গ্রাম: ধর্মদী, ডাকঘর: পুকুরিয়া, থানা:ভাঙ্গা, জেলা:ফরিদপুর) মহান মুক্তিযুদ্ধে ৮নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেছেন এবং যুদ্ধ শেষে এম জি ওসমানী স্বাক্ষরিত সনদ ও অস্ত্র জমা দিয়ে রশিদ লাভ করেন। এরপর জীবিকার তাগিদে ব্যস্ত থাকায় তিনি মুক্তিযোদ্ধাদের মূল তালিকায় অন্তর্ভুক্ত অর্থাত্ গেজেটভুক্ত হতে ব্যর্থ হন। বিগত চারদলীয় জোট সরকারের সময় বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০১২ সালের মে মাসে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) বরাবর আবেদন করেন এবং পরবর্তী সময়ে ১৮তম সভায় মাননীয় মন্ত্রী কর্তৃক সাক্ষাত্কার গ্রহণের পর তাঁর দাবি যথাযথ বলে প্রতীয়মান হয়। মন্ত্রী ও দ্রুত গেজেটভুক্ত করার নির্দেশ দেন। সে মোতাবেক তাঁকে গেজেটভুক্ত করার জন্য জামুকা থেকে ২৮ মার্চ ২০১৩ তারিখে সচিব বরাবর পত্র পাঠানো হয়েছে বলে খোঁজ নিয়ে জানতে পারি। কিন্ত দুঃখের বিষয়, আজ প্রায় চার মাস পার হলেও তাকে গেজেটভুক্ত করা হয়নি। যোগাযোগ করলে গেজেট শাখায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান মন্ত্রণালয়ের তার সাক্ষাত্কার গ্রহণ করা হবে এবং পত্র দেওয়া হবে। তবে আদৌ কোনো পত্র তিনি পাননি। অথচ ঢাকায় আসা-যাওয়া করতে তাঁর প্রচুর অর্থ খরচ হয়ে যাচ্ছে। পরিশেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সচিব মহোদয়ের কাছে আকুল আবেদন এই যে, তাঁর প্রতি সদয় হয়ে আশু প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
রেহানা পারভীন, ধর্মদী, পুকুরিয়া, ভাঙ্গা, ফরিদপুর