মিরসরাইয়ে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

চট্টগ্রামের মিরসরাই ডিগ্রী কলেজে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের জের ধরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর করছে ছাত্রলীগের একটি পক্ষ। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। রানা-এমরান সমর্থিত মিরসরাই কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রিফাত অভিযোগ করেন তুচ্ছ বিষয় নিয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো:শহীদের সাথে ছাত্রলীগ কর্মী মোঃ শিমুলের কথা কাটাকাটি হয়। মিরসরাই পৌরসভা ছাত্রলীগের সভাপতি (একাংশ) আল ফায়হাত সংগ্রাম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিপক্ষ ছাত্রলীগের কর্মীরা এসে আমাদের সাথে অযথা তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। তারা আওয়ামী লীগ অফিসের প্রয়োজনীয় জিনিসপত্র ভাংচুর করে। বাধা দেয়ার চেষ্টা করলে আমার উপরও হামলা চালায়। তুহিন-মিল্টন সমর্থিত উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাঈনুল ইসলাম মিল্টন জানান, কলেজ শিক্ষার্থী শহীদকে একা পেয়ে প্রতিপক্ষ গ্রুপের মেহেদী, পারভেজ, রিফাত, সালাউদ্দিন, বিল্পব মারধর করে। বিষয়টি সম্পর্কে প্রতিবাদ করলে তারা কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী ও সাধারণ সম্পাদক জহিরের উপরও চড়াও হয়। বিষয়টি সমাধানের জন্য আওয়ামী লীগ কার্যালয়ে গেলে তালাবদ্ধ পাওয়া যায়। সেখানে প্রতিপক্ষ বাধা দেয়। পরবর্তীতে পুলিশ অনুরোধ করলে আমরা চলে আসি। তিনি অভিযোগ করেন ছাত্রলীগ নেতা রিফাত, মেহেদী, সংগ্রাম নিজেরা আওয়ামী লীগ অফিসের জিনিসপত্র ভাংচুর করে উল্টো আমাদের উপর দোষ চাপাচ্ছে। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, বহিরাগতরা কলেজের শৃঙ্খলা নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে। ছাত্রলীগ নামধারী কিছু দুষ্কৃতিকারীরা আওয়ামী লীগ অফিসে ঢুকে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। মিরসরাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শরীফ জানান, ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের মুখোমুখি অবস্থান সৃষ্টি হলে পুলিশে খবর দেই। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।