সাতকানিয়ায় গুলিতে নিহত তিনজনের লাশ ৪ মাস পর কবর থেকে উত্তোলন

সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে মৃত্যুর চার মাস পর গত মঙ্গলবার সকালে তিনজনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। জানা যায়, জামায়াত নেতা সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর দক্ষিণ চট্টগ্রামে জামায়াত-শিবিরের লাগাতার কর্মসূচি চলাকালে গত ২ মার্চ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দেয়া ব্যারিকেড তুলতে গেলে র্যাব-পুলিশের উপর শিবির কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। র্যাব-পুলিশ তখন গুলি চালায়। এতে ছদাহা ইউনিয়নের মুহুরীপাড়া এলাকার আবু তাহেরের পুত্র শহিদুল ইসলাম (১৫), ছোট ঢেমশা গ্রামের মাঝেরপাড়া এলাকার আবদুর রশিদের পুত্র আবু তাহের (২৫) এবং আফজল নগর সিকদার পাড়া আবু সৈয়দের পুত্র মো. ওসমান ড্রাইভার (৩০) নিহত হয়। তখন ময়না তদন্ত ব্যতিরেকে লাশ দাফন করা হয়। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা লাশের ময়না তদন্ত সম্পন্ন করার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানান। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট ময়না তদন্তের জন্য লাশ উত্তোলনের অনুমতি দেন। জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে সাতকানিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) লুত্ফর রহমানের নেতৃত্বে ময়না তদন্তের জন্য মঙ্গলবার লাশ তিনটি উত্তোলন করা হয়।