মোবারকগঞ্জ চিনিকলের স্টাফ কোয়ার্টারে ফাটল

ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলে ১৯৬৬ সালে নির্মিত স্টাফ কোয়ার্টার ভবনে ফাটল দেখা দেয়ায় গত মঙ্গলবার এটাকে পরিত্যক্ত ঘোষণা করে হয়েছে। ফ্লাটের ১৮টি পরিবারকে ঘর ছাড়ার নোটিস দেয়া হয়েছে। ৩ তলাবিশিষ্ট স্টাফ কোয়ার্টারের ২ নং এফ টাইপ ভবনটি বেশি ঝুঁকিপূর্ণ। ভবনের অভ্যন্তরীণ সমস্ত আরসিসি কাজের জমাট ক্ষমতা (বন্ডস্ট্রেজ) ৯০ ভাগ নষ্ট হয়ে ছাদ, বীম, লিনটেল, প্যারাপেট, রেলিং ও ড্রপওয়াল বিপজ্জনক হয়ে গেছে। অধিকাংশ স্থানে পলেস্তারা খসে রড বের হয়ে গেছে। এছাড়াও ১ নং ও ৩ নং এফ টাইপের অপর দু’টি ৩ তলা ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেগুলো প্রকৌশল বিভাগ পরীক্ষা-নিরীক্ষা করছে। ২নং এফ টাইপে বসবাসরত শ্রমিক হারুন মিয়া ও কাওছার আলী জানান, ভবনটির সব ঘর ও ছাদে ফাটল দেখা দিয়েছে। মনে হয় একটু ঝড় হলেই ভেঙ্গে পড়বে। এ ব্যাপারে মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, ভবনটি ৪৭ বছর পূর্বে নির্মাণ করা। বর্তমানে ভবনটি ৯০ ভাগ নষ্ট হয়ে গেছে। আর এই ভবন জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় পরীক্ষা-নিরীক্ষা করে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।