ভুরুঙ্গামারীতে সেতু রক্ষার দাবিতে অবরোধ

ভুরুঙ্গামারীতে উজান থেকে নেমে আসা ঢলে সোনাহাট সেতুর সংযোগ সড়ক হুমকির মুখে পড়েছে। গতকাল বুধবার এলাকাবাসী ভাঙ্গন ঠেকানোর দাবিতে সেতু বন্ধ করে ২ ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করেছে। পরে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার ঘটনা স্থলে উপস্থিত হয়ে ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়ার আশ্বাসের প্রেক্ষিতে বিক্ষুব্ধ এলাকাবাসী সাময়িকভাবে অবরোধ তুলে নেয়। উল্লেখ্য, ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার ৭টি ইউনিয়নের যোগাযোগের একমাত্র মাধ্যম হল এ সোনাহাট সেতু। সম্প্রতি উজান থেকে নেমে আসা ঢলে স্রোতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় দুধকুমার নদের তীরবর্তী পাইকডাঙ্গা, গছিডাঙ্গা, হ্যালোডাঙ্গা, চর বলদিয়া ও গনাইরকুটি গ্রামে ব্যাপক ভাঙ্গন দেখা দেয়। গত কয়েক দিনে এ সকল গ্রামের প্রায় ৪৫০টি পরিবার নদী ভাঙ্গনে গৃহহীন হয়ে পড়েছে। অন্যদিকে সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম সোনাহাট সেতুর সংযোগ সড়ক পড়েছে হুমকিরমুখে। সোনাহাট ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ, পাইকেরছড়া ইউপি চেয়ারম্যান নজির হোসেন জানান, সংযোগ সড়ক বিচ্ছিন্ন হয়ে গেলে কয়েক লাখ মানুষের চলাচলের অসুবিধা হবে।