মাকে হত্যার দায়ে পুত্রের যাবজ্জীবন
প্রকাশ : ১০ জুলাই ২০১৩, ২২:০৭
নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল হামিদ মায়ের দ্বিতীয় বিবাহের অনুষ্ঠানে মাকে কুড়াল দিয়ে হত্যার অভিযেগে পুত্র আটপাড়া উপজেলার খিলা গ্রামের জিয়াউর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের কারাদণ্ডের আদেশ প্রদান করেন। দীর্ঘ ১৫ বছর মামলা চলার পর গতকাল বুধবার আসামির উপস্থিতিতেই এই রায় প্রদান করা হয়। মামলা সূত্রে জানা গেছে, আটপাড়ার মৃত চান মিয়া ফকির এক পুত্র জিয়াউর রহমানকে রেখে মারা গেলে তার স্ত্রী মালেকা খাতুন পুনরায় বিবাহ বন্ধনের ইচ্ছা প্রকাশ করলে ১৯৯৮ সনের ১০ অক্টোবর রাতে মালেকার দ্বিতীয় বিবাহের তারিখ হয়। ঐ বিবাহের অনুষ্ঠানে জিয়াকে আত্মীয়-স্বজন কটু কথা বললে ক্ষুব্ধ হয়ে জিয়া ঘর থেকে কুড়াল এনে মা মালেকাকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। পুলিশ জিয়াকে আটক করে। পুলিশ তদন্ত শেষে চার্জশীট দাখিল করলে বিজ্ঞ বিচারক উভয় পক্ষের সাক্ষ্য-প্রমাণাদি গ্রহণান্ত উপরোক্ত আদেশ প্রদান করেন।