হিলি বন্দরে পেঁয়াজ আমদানি বেড়েছে
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১০ জুলাই ২০১৩, ২২:০৮
পবিত্র রমজান মাসকে সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বেড়ে গেছে। স্বাভাবিকভাবে যেখানে ২০০ থেকে ৩০০ টন পেঁয়াজ আমদানি হতো, সেখানে বর্তমানে ৫০০ থেকে ৭০০ টন পেঁয়াজ আমদানি হচ্ছে। রমজান মাসের কারণে পেঁয়াজের আমদানি বেড়ে গেছে বলে আমদানিকারকরা জানান। হিলি স্থলবন্দরের সহকারী কাস্টমস কমিশনার সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ব্যবসায়ীরা যাতে ট্রাক থেকে পেঁয়াজ দ্রুত খালাস করে দেশের বিভিন্ন স্থানে পাঠাতে পারেন সেজন্য কাস্টমস কর্মকর্তা ও কমচারীরা রাত পর্যন্ত কাজ করছেন। গত ১ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে ভারত থেকে ২০ হাজার ২০৫ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহবায়ক হারুনুর রশিদ বলেন, রমজান মাসে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে বেশি করে আমদানি করা হচ্ছে।