উজিরপুরে কিশোরীর হাত-পায়ের রগ কর্তন

উজিরপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে এক কিশোরীকে কুপিয়ে আহত ও হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ওই কিশোরীকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে তার দুই হাত ও এক পায়ের রগ ও হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়েছে বলে জানা গেছে। সোমবার গভীর রাতে উপজেলার আটিপাড়া গ্রামে কিশোরী মেয়েকে ঘরে রেখে পিতা মাছ ধরতে গেলে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে ব্যর্থ হয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এসময় নিপার ডাক চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে উজিরপুর ও পরে অবস্থার অবনতি ঘটলে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। সে বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। পিতা জানান, মতি নামে এক লোক তার মেয়েকে উত্ত্যক্ত করত। সে এই ঘটনা ঘটাতে পারে বলে তার ধারণা। তিনি আরো বলেন, মেয়েকে চিকিত্সা করানোর মত সামর্থ্য তার নেই। আর চিকিত্সা করাতে না পারলে মেয়েকে বাঁচানো যাবে না।