অর্পিত সম্পত্তি প্রত্যর্পণে তালিকা ‘খ’ বাতিল দাবি
প্রকাশ : ১০ জুলাই ২০১৩, ২২:১৩
অর্পিত সম্পত্তি নতুন করে ইজারা দেয়া যাবে না এবং অর্পিত সম্পত্তির ‘খ’ তালিকা সম্পূর্ণ বাতিল করতে হবে। মঙ্গলবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমন দাবি জানিয়েছে মানবাধিকার ও সামাজিক ভিত্তিক নয়টি সংগঠন। ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ২০০১-এর সংশোধনীর সংকট ও জনদুর্ভোগ’ শীর্ষক এই সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক এডভোকেট তবারক হোসাইন। এছাড়া বক্তব্য রাখেন এডভোকেট সুব্রত চৌধুরী, শামসুল হুদা, এডভোকেট রানা দাশগুপ্ত, কাজল দেবনাথ এবং অজয় রায়।
বক্তারা অর্পিত সম্পত্তির ‘খ’ তালিকা পুরোপুরি বাতিল, ‘ক’ তফসিলের ১৯৭৪ সালের ২৩ মার্চের পরে তালিকাভুক্ত সম্পত্তির গেজেট বাতিল এবং সংশোধিত তালিকার গেজেট বাতিলসহ নতুন করে ‘খ’ তালিকার অর্পিত সম্পত্তির ইজারা প্রদানকে বেআইনী বলে অভিহিত করে অবিলম্বে তা বন্ধের দাবি জানান।
বক্তারা আরো বলেন, এক শ্রেণির দুর্নীতিবাজ কর্মকর্তাকে সরকার জনগণের কাছে দেয়া তাদের প্রতিশ্রুতি নস্যাত্ করার ক্ষমতা দিয়েছে। তারাই নিত্যনতুন সংশোধনী এনে আইনের বাস্তবায়ন জটিল করে তুলছে।
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন জাতীয় নাগরিক সমন্বয় কমিটির মধ্যে আছে— বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, এএলআরডি, আইন ও সালিশ কেন্দ্র, অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলন, সম্মিলিত সামাজিক আন্দোলন, নিজেরা করি, এইচডিআরসি, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ।