মিরপুরে চাঁদা না দেয়ায় রেস্টুরেন্টে গুলি, আহত ১

মিরপুরের দারুস সালামে চাঁদার দাবিতে শীর্ষ সন্ত্রাসী শাহাদতের ক্যাডার বাহিনী একটি রেস্টুরেন্টে গুলি চালিয়েছে। এতে রেস্টুরেন্টের এক গ্রাহক গুলিবিদ্ধ হয়েছেন। তার নাম পরিচয় জানা যায়নি। দারুস সালাম থানার ওসি জানান, মিরপুর মাজার রোডে অবস্থিত ধানসিঁড়ি নামের একটি রেস্টুরেন্টে বুধবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। তিনি আরো জানান, দুইজন যুবক মোটর সাইকেলযোগে এসে রেস্টুরেন্ট ম্যানেজার মাসুমের কাছে একটি ভিজিটিং কার্ড ধরিয়ে দিয়ে একটি মোবাইল নাম্বারে কথা বলতে বলে। তারা নিজেদের শাহাদাত বাহিনীর ক্যাডার পরিচয় দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তারা এক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে রেস্টুরেন্টে খেতে আসা এক ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হন। এ সময় ঐ দুই যুবক পালিয়ে যায়।