আহমদ শফী জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছেন
প্রকাশ : ১০ জুলাই ২০১৩, ২২:১৬
হেফাজতে ইসলামের আমীর আহমদ শফী নারীর বিরুদ্ধে চরম অশ্লীল, নোংরা এবং বিকৃত বক্তব্য দিয়ে নারীর অগ্রযাত্রার বিরুদ্ধে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে বলে মনে করে সামাজিক প্রতিরোধ কমিটি, যা সংবিধান পরিপন্থি। ৬৬টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের প্ল্যাটফরম এই সামাজিক কমিটি আমীর শফীর অশ্লীল বক্তব্যের তীব্র নিন্দা এবং অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করার দাবি জানায়।
মঙ্গলবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমরা অত্যন্ত বিস্মিত যে, জাতীয় সংসদে এখন পর্যন্ত নারীর প্রতি এই ধরনের অবমাননাকর বক্তব্যকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে না।
সামাজিক প্রতিরোধ কমিটি নারী-পুরুষের সমতা ভিত্তিক অসামপ্রদায়িক, গণতান্ত্রিক, মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ধর্ম নিয়ে যারা রাজনীতি করে সংবিধান পরিপন্থি তাদের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করা ও জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১-এর দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানায়। পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে দেশের নারী সমাজসহ সকল সচেতন জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়। এ বিষয়ে দেশের গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দলের বলিষ্ঠ এবং প্রকাশ্য বক্তব্য ও ভূমিকা দাবি করে কমিটি।