জেন্ডার সমতাকরণ সম্ভব হয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টায়
প্রকাশ : ১০ জুলাই ২০১৩, ২২:১৭
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ জেন্ডার সমতাকরণে বিশ্বের অন্যান্য অনেক দেশের তুলনায় এগিয়ে আছে। যা সম্ভব হয়েছে সকলের সম্মিলিত প্রচেষ্টায়।
দেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হওয়ায় মঙ্গলবার পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে নারীপক্ষের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, স্পিকার পদে দেশে প্রথমবারের মতো একজন নারীকে নির্বাচিত করা এক বিরল বিষয়। এ অর্জন ও গৌরব দেশের সকল নারীর।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা এবং সংসদ উপনেতা নারী। শীর্ষস্থানীয় পদগুলোতে নারীর অবস্থান বিশ্বে এক বিরল দৃষ্টান্ত। তাই দেশের উন্নয়নের মূল স্রোতধারায় নারীদের অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে।
নারীপক্ষের সভাপতি অমিতা দে-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী পক্ষের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক ফেরদৌস আজিম, তামান্না খান প্রমুখ।