পাকিস্তানে বোমা হামলায় প্রেসিডেন্টের প্রধান নিরাপত্তা কর্মকর্তা নিহত
প্রকাশ : ১০ জুলাই ২০১৩, ২২:৪২
পাকিস্তানের করাচিতে গতকাল বুধবার এক আত্মঘাতী বোমা হামলায় প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির প্রধান নিরাপত্তা কর্মকর্তা বিলাল শেখ তার দুই সহযোগীসহ নিহত হয়েছেন। ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা রাজা উমর খাত্তাব জানান, এ ঘটনায় আরো অনেকে আহত হয়েছে। জারদারির দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কার্যালয়ের কাছে এ বোমা হামলা হয়। হামলার দায় কেউ স্বীকার করেনি। খবর রয়টার্স ও বিবিসির।
পুলিশ কর্মকর্তা বলেন, আত্মঘাতী হামলাকারী বিলাল শেখ গাড়ির কাছে হেটে গিয়ে বোমার বিস্ফোরণ ঘটায়। গাড়ির সামনের আসনের বাইরে বোমাটি বিস্ফোরণ ঘটানো হয় যে আসনটিতে বসে ছিলেন শেখ। গাড়িটি পুলিশ প্রহরা দিয়ে নিয়ে যাচ্ছিল। পিপিপির সক্রিয় সদস্য বিলাল শেখ জারদারির ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। প্রায় এক বছর আগে বাড়ির কাছে একটি হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে গিয়েছিলেন বিলাল শেখ। প্রেসিডেন্টের বাসভবন করাচিতেই। এই শহরে প্রায়ই বোমা হামলা হয়।