ব্রাদারহুড প্রধানকে গ্রেফতারে নির্দেশ
প্রকাশ : ১০ জুলাই ২০১৩, ২২:৪৩
মিসরে প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় গতকাল বুধবার মুসলিম ব্রাদারহুডের প্রধান মোহামেদ বাদিয়েকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। একইসঙ্গে ব্রাদারহুডের উপ-প্রধান মাহমুদ ইজ্জাত এবং স্পষ্টভাষী পার্টি নেতা এসাম আল-এরিয়ান এবং মোহামেদ এল-বেলতাগিকেও গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে। এর আগে বাদিয়ের দল অন্তর্বর্তী সরকারে যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে। সরকারের নির্বাচনের রোডম্যাপও তারা প্রত্যাখ্যান করে। এর ফলে মিসরে অনিশ্চয়তা আরো বাড়লো। খবর রয়টার্স, বিবিসি ও সিএনএনের।
ব্রাদারহুডের কয়েকজন শীর্ষ নেতাকে আগেই আটক করা হয়েছে এবং আরো শত শত নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। ব্রাদারহুডের প্রধান ও উপ-প্রধানের বিরুদ্ধে গত সোমবার কায়রোয় সংঘর্ষ উস্কে দেয়া, হত্যা ও হত্যার উস্কানি দেয়ার অভিযোগ আনা হয়েছে। ওই সংঘর্ষে অন্তত ৫৫ জন নিহত হয়। আহত হয় কয়েকশ লোক।
মুসলিম ব্রাদারহুড বলছে, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে মুক্তি দিয়ে ক্ষমতায় পুনর্বহাল না করা পর্যন্ত তারা দেশটির ভবিষ্যত্ সরকারে কোনো ভূমিকা পালন করবে না। গতকাল সরকারের পক্ষ থেকে জানানো হয়, মুরসি নিরাপদ আছেন। তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। এর আগে নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হাজেম আল-বাবলাওয়ি মুসলিম ব্রাদারহুডকে মন্ত্রিসভায় স্থান দেয়ার প্রস্তাব দেন; কিন্তু মুসলিম ব্রাদারহুড সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। অন্যদিকে উদারপন্থিদের প্রধান কোয়ালিশন ন্যাশনাল সালভেশন ফ্রন্ট এর আগে আগামী বছর নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী প্রেসিডেন্ট আদলি মনসুরের সাংবিধানিক ডিক্রিকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে যে বিবৃতি দিয়েছিল তা প্রত্যাহার করে নিয়েছে। তারা এখন বলছে, তারা ওই ডিক্রিতে সংশোধন চায় ।
এদিকে মুরসিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া এবং নতুন প্রশাসনের প্রতি সমর্থন জানিয়ে মিসরকে অর্থনৈতিক সাহায্য দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে মধ্যপ্রাচ্যের দুইটি ধনী রাষ্ট্র। দুই বিলিয়ন ডলারের ঋণ এবং এক বিলিয়ন ডলার অনুদান দেয়ার অঙ্গীকার করেছে সংযুক্ত আরব আমিরাত। আর পাঁচ বিলিয়ন ডলারের একটি সহায়তা প্যাকেজ দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব।