পবিত্র রমজানে সৌহার্দ্য সম্প্রীতি ও সহনশীলতা গড়ে তুলতে হবে

জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম মাহে রমজানকে স্বাগত জানিয়ে এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, প্রত্যেক মুসলমানের জীবনে এই মাস কেবল সিয়াম সাধনার জন্যই গুরুত্বপূর্ণ নয়, এই মাস আত্মশুদ্ধি ও আত্মসংযমেরও মাস। এই পবিত্র মাসেই প্রত্যেক মুসলমানের রোজা পালনের সাথে সাথেই পরষ্পরের সাথে সৌহার্দ্য, সম্প্রীতি ও সহনশীল পরিবেশ গড়ে তুলতে হবে। মাহে রমজান যেমনি করে পরম করুণাময় আল্লাহ তায়ালার রহমত, মাগফিরাত ও নাজাতের বাণী নিয়ে আমাদের কাছে আসে আমাদেরকেও তেমনি আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাধ্যমে আল্লাহ পাকের প্রদত্ত নেয়ামতসমূহের ধারণ ক্ষমতা অর্জন করতে হবে। বিবৃতিতে জেপি নেতৃদ্বয় পবিত্র মাহে রমজান উপলক্ষে সারাবিশ্বের বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে বলেন, মাহে রমজান যেন আমাদেরকে আগামী দিনে পরিশুদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলে। আমরা যেন সে লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে পারি। বিবৃতিতে জেপি নেতৃদ্বয় মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ীক সমাজের প্রতি দ্রব্যমূল্য বৃদ্ধি না করার এবং ভেজাল বর্জনের আকুল আবেদন জানান। একই সঙ্গে সমাজের দরিদ্র শ্রেণীর প্রতি সদয় আচরণের জন্য সমাজের সম্পদশালীদের প্রতি আহ্বান জানান।