ঠাকুরগাঁও সড়ক ও জনপথ অফিসে তালা দিলেন পৌর মেয়র
প্রকাশ : ১০ জুলাই ২০১৩, ২২:৪৭
গতকাল বুধবার সড়ক ও জনপথ কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছেন ঠাকুরগাঁও পৌর মেয়র এসএমএ মঈন। সড়কের কাজ করতে গিয়ে পৌর এলাকায় একটি ড্রেন ভরাট হয়ে যাওয়ার পর সরকারপাড়ায় জলাবদ্ধতা সৃষ্টি হলে তিনি এ কাজ করেন। এ সময় তিনি এক কর্মকর্তাকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বুধবার সকালে মেয়র মঈন সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কার্যালয়ে গিয়ে কর্মকর্তাদের না পেয়ে হিসাবরক্ষককে লাঞ্ছিত করেন। কার্যালয়ের দরজায় তালা লাগিয়ে দেন। মেয়র এসএমএ মঈনের দাবি, দুর্ভোগের কথা ভেবে ড্রেনের ভরাট মাটি পরিষ্কার করে নিতে সওজ বিভাগকে কয়েক দফা চিঠি দিলেও তারা এ বিষয়ে গুরুত্ব দেননি। জেলা আইন-শৃঙ্খলা সভায় পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন ড্রেনটি পরিষ্কারে সওজ বিভাগকে নির্দেশ দেন। কিন্তু তারা মন্ত্রীর নির্দেশ অমান্য করেছেন। সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জাহিদ হোসেন বলেন, জলাবদ্ধতার দায় নিজেদের শরীর থেকে ঝেড়ে ফেলতে তিনি এ কাজ করেছেন। উন্নয়ন কর্মকাণ্ডের কাজ করতে গেলে ড্রেনে মাটি পড়তেই পারে। ড্রেনে সামান্য মাটি পড়ায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে না। পৌর মেয়র এসএমএ মঈন বলেন, এলাকার মানুষ সড়ক অবরোধ করার পর ড্রেনটি পরিষ্কারের কাজের খবর নিতে অফিসে গিয়েছিলাম। কাজে গাফিলতি দেখে ওই এলাকার লোকজন অফিসের গেটে তালা লাগিয়ে দেয়। তবে কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ ঠিক নয়।