কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কে জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গায় গতকাল বুধবার বিকালে বাসের চাপায় সোনিয়া আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ৬ কলেজ ছাত্রী। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী গতকাল বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়ক প্রায় ২ ঘন্টা অবরোধ করে রাখে। এ সময় রাস্তার দুই পাশে বিশাল যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশের এস আই হাবিবুর রহমান জানান, এলেঙ্গা শামসুল হক ডিগ্রি কলেজের ছাত্রীদের নিয়ে একটি টেম্পু বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের এলেঙ্গায় লুত্ফর রহমান মতিন কলেজের মোড়ে পৌঁছায়। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস টেম্পুটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই শামসুল হক ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী সোনিয়ার মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় আহত ৬ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদিকে দুর্ঘটনার পর এলাকাবাসী রাস্তায় নেমে আসে। তারা বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়ক অবরোধ করে রাখে। এ কারণে এ সড়কের প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে বিশাল যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করলে আবার যানবাহন চলাচল শুরু হয়।