কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পাল্টাপাল্টি অবস্থান, ভিসি অবরুদ্ধ

শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে অনিয়মের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে। বঙ্গবন্ধু পরিষদ অনিয়মের জন্য ভিসিকে দায়ী করে তাকে ৬ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। গতকাল বুধবার সকাল ১০টায় বঙ্গবন্ধু পরিষদ উপাচার্যের কক্ষের সামনের গেটে তালা লাগিয়ে দেয়। দুপুর তিনটার দিকে ভিসি অসুস্থ হয়ে পড়লে চিকিত্সকের ব্যবস্থাপত্র পাওয়ার পর পরিষদের নেতারা তাকে বিশ্রামের জন্য বাসভবনে পাঠায়। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের বিরুদ্ধে অবস্থান নেয় প্রগতিশীল শিক্ষক জোট। গতকাল দুপুর সাড়ে ১২টায় অনিয়ম, অসদাচরণ, বিশৃংঙ্খলা এবং শিক্ষক লাঞ্ছনাকারীর শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করে প্রগতিশীল শিক্ষক জোট। বঙ্গবন্ধু পরিষদ দাবি করে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরে নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম হচ্ছে, একই ব্যক্তিকে নিয়ম বহির্ভূতভাবে একাধিক দায়িত্ব দেয়া হচ্ছে। কিন্তু উপাচার্যকে এই নিয়ে বার বার বলা হলেও তিনি কর্ণপাত করেননি। অন্যদিকে প্রগতিশীল শিক্ষক জোট মানববন্ধনের পর এক সংক্ষিপ্ত বক্তব্যে পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, বঙ্গবন্ধু পরিষদ মাত্র ১৫ জন শিক্ষক নিয়ে গঠিত। তারা নিজেদের স্বার্থে এই দাবি করছেন। তারা বিভিন্ন তদন্তাধীন বিষয় নিয়ে এই অবৈধ আন্দোলন করছেন। বঙ্গবন্ধু পরিষদের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।