বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক বিক্ষোভ
প্রকাশ : ১০ জুলাই ২০১৩, ২২:৪৮
বকেয়া বেতনের দাবিতে এক্সেলশিওর সুজ নামে চট্টগ্রাম ইপিজেডের একটি জুতা কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও গাড়ি ভাঙচুর করেছেন। গতকাল বুধবার ইপিজেডের তিন নম্বর সড়কে কারখানার সামনে বিক্ষুব্ধ কয়েক হাজার শ্রমিক জড়ো হন। এ সময় তারা বকেয়া বেতনের দাবিতে শ্লোগান দেন। উত্তেজিত শ্রমিকরা একটি কন্টেইনার মুভার ভাঙচুর করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে মালিক, শ্রমিক, পুলিশ ও বেপজা কর্তৃপক্ষের বৈঠকে চলতি মাসের ১৪ তারিখের মধ্যে বেতন দেয়ার আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
গত ৬ এপ্রিল এক্সেলশিওর সু কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করে। কারখানাটিতে দাপ্তরিক কাজকর্ম চললেও উত্পাদন বন্ধ থাকায় গত ৩ মাস ধরে প্রায় আড়াই হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধে দফায় দফায় সময় নেয়ায় শ্রমিকরা গতকাল বিক্ষোভ করে।
এর আগে এক্সেলশিওর সুজের সহযোগী প্রতিষ্ঠান পাপেলো সুজেও রহস্যজনকভাবে আগুন লাগে। এতে কারখানার ভেতরে রক্ষিত কয়েক কোটি টাকার জুতা ও জুতা তৈরির উপকরণ পুড়ে যায়।