শ্রদ্ধা-ভালোবাসায় মা দিবস পালিত

‘সবচেয়ে দক্ষ অলরাউন্ডার আমাদের এই মায়েরাই’

মায়ের প্রতি সন্তানের শ্রদ্ধা ও আর পরম ভালোবাসার মধ্য দিয়ে বাংলাদেশে পালিত হয়েছে বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার সারাবিশ্বের মতো আমাদের দেশেও পালিত হয় দিবসটি। দিবসটির মূল উদ্দেশ্য-মাকে যথাযথ সম্মান ও ভালোবাসা দেয়া। মানুষের জনারণ্যে একা হওয়া এবং ক্রমাগত বিচ্ছিন্নতার এই সময়কালে মা দিবস বিশেষ তাত্পর্যপূর্ণ একটি দিন।

যদিও মায়ের প্রতি ভালোবাসা প্রকাশে নির্দিষ্ট কোনো দিন নেই। তবে বিশ্ব মা দিবসে মায়ের জন্য নানা অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে, যা ব্যস্ততার জন্য অন্য কোনো দিনে হয়ে ওঠে না। রবিবার সকাল থেকেই অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী যার যার মাকে ভালোবাসা জানাচ্ছেন। মায়ের ছবি দিয়ে নিজের ভালোবাসা ও অভিব্যক্তি প্রকাশ করছেন।

মা দিবসকে কেন্দ্র করে ফেসবুকে মাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস পোস্ট করেছেন অসংখ্য ব্যবহারকারীরা। বেশিরভাগে তাদের প্রোফাইল পিকচারে তুলে এনেছেন মায়ের সঙ্গে সন্তানের ভালোবাসার কোনো মুহূর্তকে। একেকজন একেকভাবে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ ছোটবেলায় মায়ের সঙ্গে স্মরণীয় কোনো ঘটনার বর্ণনা দিয়েছেন কেউবা তার নিজের জীবনে সাফল্যের পেছনে মায়ের ভূমিকার কথা বলেছেন। আবার কেউ মাকে এই মুহূর্তে পাশে না পেয়ে তার মন খারাপের কথা শেয়ার করেছেন।

জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসান মা লেখা একটি ছবি পোস্ট দিয়ে লিখেছেন, সবার পরিবারের সবদিক ঠিকঠাক রাখতে মায়ের ভূমিকাই সবচেয়ে বেশি। ঘরে কিংবা বাইরে, মায়েরা দুই জায়গাতেই আমাদের সামলে রাখেন পরম মমতায়। পৃথিবীর সবচেয়ে দক্ষ অলরাউন্ডার আমাদের এই মায়েরাই।

জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার মুশফিকুর রহিম তার ভ্যারিফাইড ফেসবুক আইডিতে তিনজনের ছবি পোস্ট করেছেন। আর তারা হলেন মুশফিকের মা, শাশুড়ি এবং তার স্ত্রী। মা দিবসে পৃথিবীর সব মাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি, এই ছবির তিন মাকে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তার কাছে মা মানেই বিশ্বের সবচেয়ে সুন্দর ও অনিন্দ্য আশীর্বাদ।