আলফাডাঙ্গায় ভুয়া ডাক্তারের ৫০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিবহন বাসস্ট্যান্ড সংলগ্ন ময়েন মিয়ার বাড়ির ভাড়াটিয়া ডাঃ জাহিদুল ইসলামকে প্রতারণার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আবুল খায়ের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। এলাকা ও নির্বাহী অফিস সূত্রে জানা যায়, উক্ত জাহিদুল ইসলাম নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন অর্শ্ব ও পাইলসের চিকিত্সা দিয়ে আসছে। প্রকৃতপক্ষে ডাক্তারী কোন সার্টিফিকেট তার নেই, তবু সে ডাক্তার সেজে প্রতারণা করে আসছে। তার প্রতারণার শিকার উপজেলার গোপালপুর ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের শুকুমার পাইলসের অপারেশন করে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন, পরে ঢাকায় চিকিত্সা নিয়ে তিনি সুস্থ হন। প্রশাসন গোপন সূত্রে সংবাদ পেয়ে গত বুধবার বিকালে অভিযান চালিয়ে ডাঃ জাহিদুলকে আটক করলে তিনি ডাক্তারী সংক্রান্ত কোন সার্টিফিকেট দেখাতে পারেননি। তিনি নিজেকে পার্শ্ববর্তী নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লোহাগড়া বিশ্ববিদ্যালয়ের অনার্সের সমাজ বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্র বলে দাবি করেন। তিনি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামের রফিকুজ্জামানের পুত্র।