বোমা হামলায় জারদারির নিরাপত্তা প্রধান নিহত
প্রকাশ : ১১ জুলাই ২০১৩, ২১:১৫
পাকিস্তানের করাচিতে বুধবার এক আত্মঘাতী বোমা হামলায় প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির প্রধান নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। জারদারির ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পাটির (পিপিপি) কার্যালয়ের কাছে এ বোমা হামলা হয়। তাত্ক্ষণিভাবে এ হামলার দায় স্বীকার করেনি কেউ। -খবর রয়টার্স ও ডনের।
করাচির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রাজা উমর খাত্তাব রয়টার্সকে বলেছেন, সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলায় জারদারির প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও ঘনিষ্ঠ সহযোগী বিলাল শেখসহ মোট তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। পুলিশ আরো জানিয়েছে, বুধবার বন্দরনগরী করাচিতে গাড়ি থামিয়ে ফল কেনার সময় তিনি হামলার শিকার হন। আত্মঘাতী হামলাকারী বিলাল শেখ গাড়ির কাছে হেঁটে গিয়ে বোমার বিস্ফোরণ ঘটায়। গাড়ির সামনের আসনের বাইরে বোমাটি বিস্ফোরণ ঘটানো হয়, যে আসনটিতে বসেছিলেন তিনি। গাড়িটি পুলিশ প্রহরা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। ঐ হামলার পর করাচির কেন্দ্রস্থলে গুরু মন্দির এলাকা ঘিরে রেখেছে পুলিশ। জারদারি করাচিতেই বাস করেন। পাকিস্তানে গতমাসে নতুন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দায়িত্ব নেয়ার পর থেকে একের পর এক বোমা হামলা শুরু হয়েছে। জারদারি এবং নওয়াজ দু’জনই এই বোমা হামলার নিন্দা জানিয়েছেন বলে খবর দিয়েছে পাকিস্তানের বেসরকারি একটি টিভি চ্যানেল। প্রেসিডেন্ট জারদারি এক বিবৃতিতে বলেছেন, ‘বিলাল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। সে পিপিপির একজন একনিষ্ঠ কর্মী ছিল। প্রকৃতপক্ষে বেলাল আমার কাছে শুধুমাত্র নিরাপত্তা কর্মকর্তা ছিল না, সে ছিল আমার ছেলের মতো।’ উল্লেখ্য, ২০০৭ সালের ১৮ অক্টোবর বেনজির ভুট্টো নিহত হওয়ার পর থেকে বেলাল জারদারির নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। প্রায় একবছর আগে বাড়ির কাছে একটি হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে গিয়েছিলেন বেলাল শেখ।