গৃহকর্মী পাচারের অভিযোগে সৌদি প্রিন্সেস আটক
প্রকাশ : ১১ জুলাই ২০১৩, ২১:১৫
গৃহকর্মী পাচার করার অভিযোগে মিশেল অ্যালাইবেন নামের এক সৌদি প্রিন্সেসকে আটক করেছে মার্কিন পুলিশ। তার জামিনের জন্য পাঁচ মিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। ক্যালিফোর্নিয়ার আইনজীবীরা অভিযোগ করেন ঐ সৌদি প্রিন্সেস কেনিয়ান এক নারীকে কম টাকায় তার বাড়িতে কাজ করতে বাধ্য করতেন। অরেঞ্জ কাউন্টি ডিস্ট্রিক্ট এটর্নি টনি রকাকাস ৪২ বছর বয়স্ক অ্যালাইবেনের নামে অভিযোগ গঠন করেন। তিনি বলেন, চুক্তি অনুযায়ী কাজ না করিয়ে তাকে জোর করে কাজ করতে বাধ্য করা হতো যেটা দাসপ্রথার সামিল। এটা খুবই অমানবিক। অ্যালাইবেন যদি দোষী সাব্যস্ত হন তাহলে তার সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড হতে পারে।
মার্কিন কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, মঙ্গলবার ঐ কেনিয়ান নারী বাসে যাওয়ার সময় কয়েকজন বাসযাত্রীকে তার দুর্ভোগের কথা জানান। এদের সহায়তায় তিনি পুলিশের কাছে সৌদিতে ঐ প্রিন্সেসের বাসায় যেসব অত্যাচারের স্বীকার হন তা খুলে বলেন। পরে পুলিশ অ্যালাইবেনকে তার যুক্তরাষ্ট্রের বাড়ি থেকে আটক করে। ৩০ বছর বয়স্ক ঐ কেনিয়ান নারী পুলিশকে বলেন, সৌদিতে অ্যালাইবেনের বাড়িতে কাজ করার জন্য ২০১২ সালে তাকে নিয়োগ দেয়া হয়। কথা ছিল দৈনিক ৮ ঘন্টা করে সপ্তাহে পাঁচদিন কাজ করতে হবে। বিনিময়ে তাকে ১৬০০ ডলার পারিশ্রমিক দেয়া হবে। বিনিময়ে তাকে কাজ করতে হতো ১৬ ঘন্টা করে সপ্তাহের সাতদিন। এমনকি কাজে যোগ দেয়ার পরই তার পাসপোর্ট কেড়ে নেয়া হয় যাতে সে চলে যেতে না পারে।